যুবলীগের নেতাকে কোপালেন কর্মীরা
নাটোরের সিংড়া উপজেলা পরিষদ চত্বরে গতকাল রোববার যুবলীগের এক নেতাকে মারধর করে কুপিয়ে জখম করেছেন একই সংগঠনের কর্মীরা। ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ না করার জের ধরে ওই ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও যুবলীগের নেতারা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার বিকেলে সিংড়ার ভোগা আশ্রয়ণ প্রকল্পে বিদ্যুৎ সরবরাহ উপলক্ষে প্রকল্প এলাকায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। কিন্তু অনুষ্ঠানে উপস্থিত রামানন্দ খাজুরা ইউপির চেয়ারম্যান সুলতান আহমেদকে ফুল দিয়ে বরণ করা হয়নি। এতে চেয়ারম্যানের ভাই যুবলীগের কর্মী ফেরদৌস আহমেদ ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানের একটি ব্যানার ছিঁড়ে ফেলেন। এ ঘটনায় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুস সালামের (৩০) সঙ্গে ফেরদৌসের বাগিবতণ্ডা হয়। গতকাল বেলা ১১টায় সালাম সিংড়া উপজেলা পরিষদ চত্বরে এলে তাঁকে মারধর করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন ফেরদৌস ও তাঁর সহযোগীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।