যুবলীগের নেতাকে কোপালেন যুবদল নেতা-কর্মীরা
রাজশাহী নগরের সপুরা এলাকায় হামলা চালিয়ে যুবলীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছেন যুবদলের নেতা-কর্মীরা। এ সময় এক নারীনেত্রীকেও পিটিয়ে আহত করেন তাঁরা। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় সপুরা গোরস্থান মোড়ে এ হামলা হয়।
আহত ব্যক্তিরা হলেন নগরের ১৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি রবিউল ইসলাম ও একই ওয়ার্ডের মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক রুমা খাতুন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মোটরসাইকেল নিয়ে রবিউল সপুরা গোরস্থান মোড়ে গিয়ে দাঁড়ান। এ সময় ১৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আবু জাফর আলমগীর ওরফে বাবুর নেতৃত্বে ছয়-সাতজন কর্মী রবিউলের ওপর হামলা চালান। এ সময় তাঁকে হাঁসুয়া দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে মহিলা যুবলীগের নেত্রী রুমা খাতুন রবিউলকে উদ্ধার করতে এলে তাঁকেও পিটিয়ে জখম করেন যুবদলের কর্মীরা। পরে লোকজন তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আল তৌহিদ মাসুদ বলেন, গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে যুবদলের নেতা-কর্মীরা হামলা চালান। ওই ঘটনায় দায়ের করা মামলায় আবু জাফর আলমগীরকে প্রধান আসামি করা হয়। ওই মামলার বাদী আহত রুমা খাতুনের ভাই ওয়ার্ড যুবলীগের ত্রাণ সম্পাদক জনি রহমান। মামলার ১ নম্বর সাক্ষী রবিউল। ওই মামলার জের ধরেই রবিউলকে কুপিয়ে জখম করা হয়েছে।