সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদকে প্রত্যাহার করে নতুন ওসি নিযুক্ত করা হয়েছে। সিলেট মহানগর পুলিশ কমিশনারের নির্দেশে গতকাল বৃহস্পতিবার ওসিকে প্রত্যাহার করা হয়।
সিলেটে গয়নার দোকানে লুট ও হত্যায় জড়িত সন্দেহে ওয়ার্ড শাখার একজন যুবলীগ নেতাকে গ্রেপ্তার করার এক দিন পর কোতোয়ালি থানার ওসিকে প্রত্যাহার করা হলো। ওই নেতাকে গ্রেপ্তারের কারণে ওসিকে প্রত্যাহার করা হয়েছে বলে পুলিশের একাধিক কর্মকর্তা মনে করছেন।
পুলিশ জানায়, ৪ সেপ্টেম্বর রাত আটটায় নগরের কেন্দ্রস্থলের জিন্দাবাজার এলাকার নেহার বিপণিবিতানে বোমা-গুলি ছুড়ে গয়নার দোকানে লুটপাট হয়। এ সময় গুলিতে বিপণিবিতানের নিরাপত্তাকর্মী বাদশা মিয়া (৫০) নিহত হন। অপরাধী শনাক্ত করতে পুলিশ পরদিন যুবলীগ কর্মী শেখ কবীর, ছাত্রদল কর্মী আবদুল জলিল, নাহিদুল ইসলাম ও ডাকাতি মামলার আসামি ওমর আলীকে আটক করে। অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা হলে ওই চারজনকে ‘সন্দেহজনক’ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
সিলেট কোতোয়ালি থানার ওসি গত মঙ্গলবার রাতে মানিক মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন। মানিক ১৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তাঁকে নিয়ে ওই রাতে ওসির নেতৃত্বে পুলিশের একটি দল একাধিক অভিযান চালায়।
মহানগর পুলিশের গণমাধ্যম দপ্তর তখন ঘটনার ‘সন্দেহভাজন মূল হোতা’ গ্রেপ্তার হয়েছে বলে প্রথম আলোসহ একাধিক সংবাদমাধ্যমকে মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানায়। সূত্র জানায়, মানিককে ‘সন্দেহভাজন’ হিসেবে গ্রেপ্তার ও দুই দিনের নিষ্ফল অভিযানের পর বুধবার আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়। তাঁর কাছ কোনো তথ্য না পাওয়ায় ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। মানিককে গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার বিকেলে ওয়ার্ড যুবলীগ বিক্ষোভ মিছিলও করে। পুলিশের পদস্থ কর্মকর্তারা এ ব্যাপারে অবহিত হলে গতকাল তাৎক্ষণিক ওসিকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। কোতোয়ালি থানার নতুন ওসি হিসেবে শাহপরাণ থানার ওসি আক্তার হোসেনকে নিযুক্ত করা হয়েছে জানিয়ে মহানগর পুলিশের কমিশনার নিবাস চন্দ্র মাঝি বলেন, এটি পুলিশ প্রশাসনের স্বাভাবিক রদবদল।
রিমান্ড শেষে চার সন্দেহভাজন জেলে: দুই দিনের রিমান্ড শেষে শেখ কবীর, আবদুল জলিল, নাহিদুল ইসলাম ও ওমর আলীকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। তাঁদের কাছ থেকে ঘটনার অপরাধী শনাক্ত করার কিছু তথ্য পাওয়া গেছে বলে তদন্ত-সংশ্লিষ্ট পুলিশ সূত্র জানায়।