যুবলীগের নেতাকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও
বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়ায় কয়েকটি ট্রাক চুরি ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ যুবলীগের এক নেতাকে আটক করায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁকে ছাড়িয়ে নিতে গতকাল শুক্রবার থানায় জড়ো হন। তাঁরা ওই নেতাকে ছেড়ে দেওয়া না হলে দুপচাঁচিয়া অচল করে দেওয়ার হুমকি দেন।থানা সূত্রে জানা যায়, গত বুধবার রাতে উপজেলার তালোড়ায় একটি আটা মিলের সামনে থেকে গমবোঝাই একটি ট্রাক চুরি হয়। পুলিশের একটি দল বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে সিরাজগঞ্জের তাড়াশ থানার খালপোড়া নামক স্থানে ওই ট্রাকসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন কাহালুর জোগারপাড়ার বাদল এবং সিরাজগঞ্জের সলঙ্গার সাইফুল ইসলাম।গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জবানবন্দি মোতাবেক বৃহস্পতিবার সন্ধ্যায় তালোড়া পৌর এলাকা থেকে যুবলীগের নেতা প্রবীর মন্ডলকে পুলিশ আটক করে। প্রবীরকে আটকের পর আওয়ামী লীগের নেতারা তাঁকে ছাড়িয়ে নেওয়ার জন্য গভীর রাত পর্যন্ত পুলিশের সঙ্গে বৈঠক করেন। শুক্রবার সকালে তারা থানায় জড়ো হন।দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান বলেন, আটক যুবলীগের নেতার বিরুদ্ধে এলাকায় কোনো অভিযোগ নেই। হয়রানির জন্য তাঁকে আটক করা হয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার আবদুল ওয়ারীশ বলেন, জিজ্ঞাসাবাদের জন্য প্রবীরকে আটক করা হয়েছে। মামলার তদন্ত শেষ না করা পর্যন্ত কিছু বলা যাবে না।