যুবলীগের নেতাকে ছাড়িয়ে নিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার মসজিদ জাম এলাকায় ১০ বস্তা চালসহ গতকাল শুক্রবার যুবলীগের এক নেতাকে আটক করেন স্থানীয় লোকজন। পরে পুলিশ এসে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

ওই ব্যক্তির নাম লিটন দাস। তিনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। খোলাবাজারে বিক্রির (ওএমএস) এসব চাল তিনি কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ করেন স্থানীয় লোকজন।

এলাকার কয়েকজন বলেন, লিটন কয়েক বছর ধরে ওএমএসের ডিলার হিসেবে আছেন। তাঁর বিরুদ্ধে এ কম চাল কালোবাজারে বিক্রির অভিযোগ রয়েছে। গতকাল বিকেলে তিনি উপজেলা খাদ্যগুদাম থেকে চাল তুলে রিকশায় করে এনে মসজিদ জাম এলাকায় নৌকায় তুলছিলেন। এ খবর জানাজানি হলে স্থানীয় কিছু লোক মসজিদ জাম এলাকায় আসেন। সন্ধ্যায় আরেকটি রিকশায় করে পাঁচ বস্তা চাল আনার পর লোকজন লিটনকে অবরুদ্ধ করে পুলিশ, জনপ্রতিনিধি ও খাদ্যগুদামের কর্মকর্তাদের খবর দেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুলিশ এসে ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। তখন লিটনকে লোকজন ছেড়ে দেন।

চাল নিয়ে আসার সময় লোকজনের হাতে আটক রিকশাচালক তাবারক মিয়া বলেন, লিটনের নির্দেশে তিনি গুদাম থেকে চাল নিয়ে এসেছিলেন। তাবারক মসজিদ জাম এলাকার খন্দকার হাটির বাসিন্দা। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

লিটন শুক্ল দাসের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।

উপজেলা খাদ্যগুদামের পরিদর্শক দুলাল মিয়া বলেন, লিটন দাস ওএমএস কর্মসূচির ডিলার। বর্তমানে ওএমএস, কাবিখা ও কাবিটা প্রকল্প চালু আছে। জনতার হাতে জব্দ হওয়া চাল এসব ওএমএসের কি না, তা তিনি নিশ্চিত নন। গতকাল লিটন গুদাম থেকে চাল তুলেছেন কি না, তা তিনি বলতে পারছেন না।