যুবলীগের নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় যুবলীগের নেতা আলম মিয়াকে (৩০) নৃশংসভাবে হত্যার ঘটনায় গতকাল শনিবার বাজিতপুর থানায় হত্যা মামলা হয়েছে। নিহতের বড় ভাই সমাজ মিয়া ১২ জনকে আসামি করে মামলাটি করেন। এই মামলার আসামি সরারচর গ্রামের মো. হুমায়ুন ও বাদল ভূঁইয়াকে পুলিশ গ্রেপ্তার করেছে। অপর আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জেলা যুবলীগ গতকাল বিকেলে শহরে বিক্ষোভ মিছিল বের করে। নিহত আলম মিয়ার মাথা, পা ও হাত গতকাল রাত সাড়ে আটটা পর্যন্ত পুলিশ উদ্ধার করতে পারেনি। মামলার অপর আসামিরা হলেন: শাহিন মিয়া, দিদার মিয়া, ইয়াসিন মিয়া, শিপন মিয়া, শরিফ মিয়া, কাজল মিয়া, মাসুম মিয়া, সুজন মিয়া, বিশ্ব সূত্রধর ও রিপন মিয়া। এ ছাড়া অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে। আসামিদের সবার বাড়ি সরারচর ইউনিয়নের বিভিন্ন গ্রামে। কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন গতকাল বাজিতপুর থানা ও ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে একদল পুলিশ উপজেলার একাধিক স্থানে নিহত আলম মিয়ার মাথা ও অন্যান্য অঙ্গ উদ্ধারে তৎপরতা চালায়। বাজিতপুর থানার ওসি আমজাদ হোসেন জানান, এজাহারভুক্ত দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। কাল (রোববার) গ্রেপ্তার ব্যক্তিদের বিচারিক হাকিম আদালতে পাঠানো হবে। বাজিতপুর উপজেলা যুবলীগের সদস্য আলম মিয়ার তিন টুকরা লাশ শুক্রবার সরারচর ইউনিয়নের তেঘুরিয়া নূরপুরের সিংধা বিল থেকে বস্তাবন্দী অবস্থায় পুলিশ উদ্ধার করে।