যুবলীগের নেতার কাছে জমি বিক্রি না করায় ঘরে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নলডাঙ্গা উপজেলার ইউনিয়ন যুবলীগের সভাপতি পাটুল গ্রামে এক হিন্দু পরিবারের সদস্যদের প্রকাশ্যে মারপিট করেছেন এবং তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানে তালা দিয়েছেন। পরিবারটির সোয়া ১৪ শতক জমি অন্যের কাছে বিক্রি করায় ওই নেতা এ ঘটনা ঘটিয়েছেন। গত তিন দিন ধরে পরিবারটি বাড়ির বাইরে বের হতে পারেনি।
নির্যাতিত এই পরিবারের পক্ষ থেকে নাটোর জেলা প্রশাসক, র্যাব ও পুলিশের কাছে দেওয়া অভিযোগ থেকে জানা যায়, পাটুল গ্রামের অনিল কুমার দেবের ছেলে তড়িৎ কুমার ও অলোক কুমার তাঁদের ১৬ শতক জমির মধ্যে পৌনে দুই শতক জমি ৬০ হাজার টাকায় বিক্রি করেন। একই গ্রামের আকবর হোসেন মৃধার ছেলে স্থানীয় ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেনের ভাই আক্তার হোসেন তাঁদের কাছ থেকে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। বাকি জমি বিক্রি করলে তাঁদের কাছে বিক্রি করার দাবি জানান। সম্প্রতি তাঁরা বাকি সোয়া ১৪ শতক জমি একই এলাকার জয়েন উদ্দিনের ছেলে রবির কাছে বিক্রি করেন।
আনোয়ার হোসেনকে বাদ দিয়ে অন্যত্র জমি বিক্রি করায় গত বুধবার সন্ধ্যায় আনোয়ার লোকজন নিয়ে বাজারের দিলিপের দোকানের সামনে অনিল কুমার দেবের ছেলে তড়িৎ কুমার ও অলোক কুমারকে মারপিট করেন। এ সময় অলোকের স্ত্রী লিপি রানী এগিয়ে এলে তাঁকেও মারপিট করা হয়। ঘটনার পর থেকে বাড়ির সামনে পাহারা বসিয়ে নির্যাতিত ব্যক্তিদের থানা ও হাসপাতালে যেতে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।
তবে অভিযুক্ত আনোয়ার হোসেন মারপিট নয় শুধু একটি চড় মাড়ার ঘটনা ঘটেছে বলে দাবি করেন। এ ছাড়া ব্যবসাপ্রতিষ্ঠানের তালা শুক্রবার বিকেলে খুলে দেওয়া হয়েছে।