যুবলীগের নেতার গাড়িবহরে সাংসদের লোকজনের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল বৃহস্পতিবার যুবলীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপসম্পাদক শ্যামল কুমার রায়ের মোটরসাইকেল বহরে হামলা হয়েছে। এ সময় আটটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহত হন কমপক্ষে ১১ জন নেতা-কর্মী। স্থানীয় সাংসদ মোহামঞ্চদ শাহ আলমের লোকজন এ হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় ও আওয়ামী লীগ সূত্র জানায়, গতকাল বেলা দুইটায় যুবলীগের নেতা শ্যামল কুমারের নেতৃত্বে উপজেলার সৈয়দাবাদ কলেজ থেকে শতাধিক মোটরসাইকেলের একটি বহর উপজেলার বায়েক ইউনিয়নের গৌরাঙ্গলা গ্রামে সুমনের বাড়িতে যাচ্ছিল। মোটরসাইকেলের বহরটি বায়েক গ্রামের মোড়ে পৌঁছালে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে এমদাদুল হক, মো. তসলিম, শফিকুল ইসলাম, কামাল হোসেন, গোলাম জিলানী, মো. আলামিন, মিজানুর রহমানসহ ১১ জন নেতা-কর্মী আহত হন। এ সময় আটটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শ্যামল কুমারের বাড়ি কসবা উপজেলার কুটি গ্রামে। শ্যামল কুমার বলেন, ‘শেখ হাসিনার নির্দেশে তরুণ নেতা-কর্মীদের উজ্জীবিত করতে এলাকায় এসেছিলাম। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সাংসদ মোহামঞ্চদ শাহ আলমের সমর্থকেরা আমার মোটরসাইকেল বহরে অতর্কিত হামলা করে।’
এ ব্যাপারে মোহামঞ্চদ শাহ আলমের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।
তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম বলেন, শ্যামল কুমার এলাকার কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। তিনি স্থানীয় আওয়ামী লীগের ক্ষতি করতেই এ রকম হঠাৎ করে মোটরসাইকেল বহর নিয়ে বের হন। পথে নিজেদের মধ্যে বাগিবতণ্ডার একপর্যায়ে তাঁরা নিজেরাই সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনার জন্য শ্যামল কুমারই দায়ী বলে অভিযোগ করেন কাজী আজহারুল।