বাড়ি দখলের অভিযোগের প্রতিবেদন চেয়েছে মানবাধিকার কমিশন

পিরোজপুর শহরে যুবলীগের এক নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগের বিষয়ে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন চেয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। ২৫ জুনের মধ্যে এ প্রতিবেদন দিতে বলা হয়েছে। একই সঙ্গে বাড়ি দখলের শিকার গীতা রানীর পরিবারকে নিরাপত্তা দিতে পিরোজপুরের পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।
মানবাধিকার কমিশন সূত্র জানায়, গত ২৭ মে ‘প্রথম আলো’য় ‘অবিশ্বাস্য অমানবিক’ শিরোনামে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতেই স্বপ্রণোদিত হয়ে এই উদ্যোগ নিয়েছে কমিশন।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক আজ সোমবার প্রথম আলোকে বলেন, ‘প্রথম আলো’র সংবাদটির প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়। বিষয়টি অত্যন্ত অমানবিক বলে আমরা মনে করেছি। তাই জেলা প্রশাসককে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি ভুক্তভোগীকে নিরাপত্তা দেওয়ার জন্য বলা হয়েছে।
আজ কমিশনের দেওয়া এক বিজ্ঞপ্তিতে ‘প্রথম আলো’র সংবাদটি তুলে ধরে বলা হয়, সংবাদে পিরোজপুর শহরে একটি বাড়ি দখলের জন্য জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ওবায়দুল হক ওরফে পিন্টুর অমানবিক কর্মকাণ্ডের উল্লেখ আছে।