যুবলীগের নেতার নেতৃত্বে ঘরে ঢুকে সন্ত্রাসী হামলা!
জমি নিয়ে বিরোধের জের ধরে পটুয়াখালীর বাউফল উপজেলায় যুবলীগের নেতার নেতৃত্বে একদল সন্ত্রাসী একটি বাসায় ঢুকে এক গৃহবধূ ও তাঁর দুই ছেলের ওপর নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা করেছে। উভয় মামলায় পুলিশ যুবলীগের নেতা আতিক ও ওই গৃহবধূসহ চারজনকে গ্রেপ্তার করেছে।নির্যাতিত গৃহবধূর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গৃহবধূর স্বামী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকার আবু তাহের আমিরুল্লাহর সঙ্গে একই এলাকার অজিউল্লাহর জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে মঙ্গলবার পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক ও অজিউল্লাহর নেতৃত্বে ৮ থেকে ১০ জন সন্ত্রাসী আবু তাহেরের বাসায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। সন্ত্রাসীরা এ সময় ৪৫ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকা লুট করে।এ সময় বাধা দিলে সন্ত্রাসীরা আবু তাহেরের স্ত্রী জাহানারা বেগমকে মারধর করে। এ সময় ওই গৃহবধূর দুই ছেলে ফয়সাল (২৪) ও মোজাহিদ (১৬) এবং প্রতিবেশী মারুফ (১৫) তাঁকে বাঁচাতে গেলে সন্ত্রাসীরা তাদেরও মারধরে রক্তাক্ত করে। খবর পেয়ে বাউফল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আতিক ও অজিউল্লাহকে গ্রেপ্তার করে।এ ঘটনায় নির্যাতিত গৃহবধূ জাহানারা বেগম বাদী হয়ে থানায় মামলা করেছেন। পরে ওই থানায় প্রতিপক্ষের লোকেরা পাল্টা মামলা করলে পুলিশ জাহানারা ও তাঁর ছোট ভাইকে গ্রেপ্তার করে।গৃহবধূর জামাতা জামাল হোসেন অভিযোগ করেন, স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির নির্দেশে হামলাকারীদের দিয়ে উল্টো তাঁদের বিরুদ্ধে থানায় একটি মিথ্যা মামলা করা হয়েছে। পুলিশ এ মামলায় তাঁর শাশুড়ি জাহানারা বেগম ও তাঁর ছোট ভাই রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে। সন্ত্রাসীদের ভয়ে নির্যাতিত পরিবারের অন্য সদস্যরা ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার মো. গাজ্জালী জানান, দুই পক্ষই মামলা করেছে। উভয় মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।