যুবলীগের নেতার বাড়িতে ঢুকে গুলি
ঢাকা মহানগর যুবলীগের (দক্ষিণ) উপতথ্যবিষয়ক সম্পাদক মেহেদী আলমকে দল থেকে বহিষ্কারের পর গত মঙ্গলবার মধ্যরাতে নগরের কাকরাইলে তাঁর বাসায় গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।
গুলিতে মেহেদীর ভাই একরামুল আলম (২৮) এবং তাঁর নিকটজন আজমাইন হোসেন (২৪) আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একদল দুর্বৃত্ত যুবলীগের বহিষ্কৃত নেতা মেহেদীর কাকরাইলের গ্যারেজ পট্টির বাসার বৈঠক খানায় ঢোকে। তারা মেহেদীকে এলোপাতাড়ি গুলি ছুড়ে গাড়ি ও মোটরসাইকেল করে পালিয়ে যায়। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে মেহেদীর ভাই একরামুলের বাঁ বাহুতে ও তাঁর সমর্থক আজমাইনের পেটে লাগে। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়।
হাসপাতালে চিকিৎসাধীন একরামুল জানান, তাঁর ভাইয়ের বাসার বৈঠকখানায় মঙ্গলবার রাতে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার খেলা দেখছিলেন তিনি, তাঁর ভাই মেহেদী ও ভাইয়ের ঘনিষ্ঠ আজমাইন। একপর্যায়ে একদল দুর্বৃত্ত একতলা আধা পাকা বাড়ির সীমানা দেয়াল টপকে ভেতরে ঢোকে। এ সময় ট্যারা শামীমের নেতৃত্বে দুর্বৃত্তরা বৈঠক খানায় ঢুকে তাঁর ভাই মেহেদীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে তা লক্ষ্যভ্রষ্ট হয়।
পল্টন থানার ওসি মোরশেদ আলম বলেন, কারা, কেন গুলি করেছে পুলিশ তা নিশ্চিত হতে পারেনি।
আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, মঙ্গলবার মেহেদী আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।