যুবলীগের নেতার বাধা, পুলিশ ও ব্যবসায়ীদের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী হাটে সরকারি জমি থেকে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলাকালে পুলিশ ও ব্যবসায়ীদের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হয়েছে। এতে ভূমি অফিসের তফসিলদারসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ক্ষুব্ধ ব্যবসায়ীরা গাড়ির টায়ার পুড়িয়ে সড়ক অবরোধ করেন। এতে রাজশাহী-গোদাগাড়ী সড়কে যানবাহন চলাচল আধা ঘণ্টা বন্ধ থাকে। পরে অতিরিক্ত দাঙ্গাপুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিযোগ রয়েছে, দখলকারীদের মধ্যে রুহুল আমিন নামের এক ব্যক্তি সরকারি পুকুরপাড়ের অংশবিশেষ দখল করে পাকা ভিত দিয়ে দোকানঘর নির্মাণ করেন। রুহুল নিজেকে স্থানীয় আওয়ামী লীগের কর্মী বলে দাবি করেন। গোদাগাড়ী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম রেজা ওরফে রাজুর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, উচ্ছেদ অভিযান চলাকালে ব্যবসায়ীদের দোকান না সরাতে তিনি উসকানি দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলিয়া মইনের নেতৃত্বে গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের রাজাবাড়ী হাটের পাশে একটি সরকারি পুকুরপাড় থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ শুরু করে প্রশাসন। ব্যবসায়ীরা দোকানপাট সরিয়ে নেওয়ার সময় গোদাগাড়ী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম রেজা ঘটনাস্থলে যান। ওই বাজারের কাছেই তাঁর বাড়ি। ব্যবসায়ীদের তিনি দোকানপাট না সরাতে বলেন। তাঁর কথায় ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়তে থাকে। পুলিশও পাল্টা তাঁদের লাঠিপেটা করে। এ সময় উভয়ের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ব্যবসায়ীরা টায়ার জ্বালিয়ে রাজশাহী-গোদাগাড়ী অবরোধ করেন। খবর পেয়ে র্যাব ও দাঙ্গাপুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশের লাঠিপেটায় ফল ব্যবসায়ী মোস্তফা, পান ব্যবসায়ী রহিম, ফল ব্যবসায়ী মিলনসহ কমপক্ষে সাত ব্যবসায়ী আহত হন। এ ছাড়া রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শামীম রেজার মা খালেদা বেগম, তাঁর সাড়ে চার বছর বয়সী মেয়ে রাসা ও রাজাবাড়ী ভূমি অফিসের তফসিলদার তারাজুল ইসলাম আহত হন। খালেদা বেগমকে গোদাগাড়ীর প্রেমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। পান ব্যবসায়ী তরিকুল ইসলাম জানান, গতকাল ওই স্থান থেকে শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। তিনি বলেন, তাঁরা প্রায় ১৭ বছর ধরে এই বাজারে ব্যবসা করে জীবিকা চালাচ্ছেন, শুধু তাঁদের ঘরই ভেঙে দেওয়া হলো। কিন্তু যেসব প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে দোকানঘর তুলে ভাড়া আদায় করছেন, প্রশাসন তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছেন না। ইউএনও বলেন, নোটিশ দেওয়ার পরও সরকারি জায়গা থেকে লোকজন দোকানপাট সরিয়ে না নেওয়ায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। বুলডোজার না থাকায় কিছু পাকা ভবন উচ্ছেদ করা যায়নি। তবে এগুলোও উচ্ছেদ করা হবে। তিনি বলেন, ‘জেলা প্রশাসন থেকে আমাকে ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দিয়ে উচ্ছেদ অভিযানে পাঠানো হয়। সব কিছুই ঠিকমতো চলছিল। একপর্যায়ে কিছু রাজনৈতিক নেতা এসে ব্যবসায়ীদের উসকে দিলে হইচই শুরু হয়।’ সহকারী কমিশনার (ভূমি) মাহাবুব আলম অভিযোগ করেন, যুবলীগের নেতা শামীম রেজা এসে ব্যবসায়ীদের দোকানপাট সরাতে নিষেধ করেন। তাঁর আগ পর্যন্ত ভালোভাবেই তাঁদের অভিযান চলছিল। অভিযোগ অস্বীকার করে শামীম রেজা বলেন, ‘আমরা এখন নেতৃত্ব দিচ্ছি। কাজেই আমরা জনগণকে উচ্ছৃঙ্খল হতে দিতে পারি না। আমার মা ও মেয়ে আহত হওয়ার খবর শুনে বাড়ি থেকে বের হয়ে আমি সেখানে যাই। এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে প্রশাসনকে প্রতিরোধ করার চেষ্টা করেছে।’বেলা সাড়ে ১২টার দিকে পরিস্থিতি শান্ত হলে রাজশাহী সদর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার ছালেহ উদ্দিন ও গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম পুকুরপাড় থেকে রুহুল আমিনকে তাঁর দোকানঘর সরিয়ে নিতে বলেন। এ সময় তিনি বলেন, ‘আপনারা অন্য দোকান সরিয়ে নেন। আমারটার ব্যাপারে কোনো টেনশন নেই।’ কিছুক্ষণ পর প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকেরা গিয়ে রুহুলের দোকানঘর সরিয়ে পাকা ভিত্তির কিছু অংশ ভেঙে দেন। এতে রুহুল আমিন ক্ষিপ্ত হয়ে ভূমি অফিসের ভেতর গিয়ে সেখানে উপস্থিত ইউএনও, গোদাগাড়ী থানার ওসি, সহকারী কমিশনার (ভূমি) মাহাবুব আলম ও সহকারী পুলিশ সুপারের কাছে গিয়ে নিজেকে আওয়ামী লীগের একজন কর্মী দাবি করে বলেন, ‘এমপি সাহেব আমাকে এই ঘর করার হুকুম দিয়েছেন। সে জন্যই আমি দোকানঘর করেছি।’এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাঁর ব্যক্তিগত সহকারী খালেদ ওয়াসি ওরফে কেটু বলেন, রুহুল আমিন নামে কাউকে তাঁরা চেনেন না। এ ছাড়া একজন সংসদ সদস্য কখনো অবৈধভাবে কোনো স্থাপনা নির্মাণ করতে বলতে পারেন না।