যুবলীগের নেতার বাড়িতে হামলার ঘটনায় তিনটি অভিযোগ দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর জেলা যুবলীগের সভাপতির বাড়িতে ও কার্যালয়ে হামলা এবং আগুন দেওয়ার ঘটনায় গতকাল বুধবার তিনটি অভিযোগ দায়ের করা হয়েছে। হামলার ঘটনায় শহরে জারি করা ১৪৪ ধারা বলবৎ রয়েছে। তবে বাসশ্রমিকদের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রের বিবরণ অনুযায়ী, গত সোমবার অটোবাইকের চালকদের হাতে একজন বাসচালক আহত হওয়ার জের ধরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেন বাসশ্রমিকেরা। পরের দিন তাঁরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা বাস মালিক সমিতির সম্পাদক গোলাম রসুলের নেতৃত্বে শহরে মিছিল বের করেন। একপর্যায়ে জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনামের বাড়ি, বড়বাজারের দলীয় কার্যালয় এবং কার্যালয়ের সামনের একটি দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয় এবং আগুন দিয়ে ধরিয়ে দেওয়া হয়।সূত্রমতে, জেলার বাসশ্রমিকদের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের নেতা গোলাম রসুল। আর অটোবাইকের চালকদের নেতৃত্ব দিচ্ছেন যুবলীগের নেতা সাজ্জাদুল আনাম। দুই নেতার মধ্যে রাজনৈতিক দ্বন্দ্বের কারণেই ওই অপ্রীতিকর ঘটনা ঘটে। মঙ্গলবারের ঘটনায় গতকাল মেহেরপুর সদর থানায় তিনটি অভিযোগ করা হয়। অভিযোগগুলো করেছেন যুবলীগের নেতা সাজ্জাদুল আনাম, যুবলীগের কার্যালয় যে ভবনে অবস্থিত, সেই বাড়ির মালিক এবং ঘটনার সময় ভাঙচুরের শিকার কার্যালয়ের সামনের একটি দোকানের মালিক। তিনটি অভিযোগেই প্রধান অভিযুক্ত করা হয়েছে আওয়ামী লীগের নেতা গোলাম রসুলকে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘তিনটি অভিযোগ পেয়েছি। সেগুলো মামলা হিসেবে লিপিবদ্ধ করা হয়নি।’ওই হামলার ঘটনার পর শহরে জারি করা ১৪৪ ধারা বলবৎ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে জানিয়েছে প্রশাসন সূত্র। তবে বাসশ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল বিকেলে জেলা প্রশাসনের সঙ্গে বাসমালিক ও শ্রমিকনেতাদের একটি সমঝোতা বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।