যুবলীগের নেতার বিরুদ্ধে গরু আটকে রেখে চাঁদা আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার তাতারকান্দি নৌঘাটে গরু আটক করে ব্যবসায়ীদের কাছ থেকে দুই হাজার টাকা চাঁদা আদায় করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। যুবলীগের এক স্থানীয় নেতার নেতৃত্বে একদল যুবক এ চাঁদাবাজির ঘটনায় জড়িত বলে গরু ব্যবসায়ীরা অভিযোগ করেন। গত সোমবার এ ঘটনা ঘটে।ব্যবসায়ীরা অভিযোগ করেন, কুলিয়ারচর উপজেলার কয়েকজন গরু ব্যবসায়ী হবিগঞ্জের আজমিরীগঞ্জ থেকে ৯০টি গরু কিনে নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুরের হাটে বিক্রি করার জন্য নিয়ে আসছিলেন। তাঁরা আজমিরীগঞ্জ থেকে ট্রলারে করে গরুগুলো গত সোমবার বেলা দুইটা থেকে তিনটার মধ্যে কুলিয়ারচরের তাতারকান্দি নৌঘাটে নিয়ে আসেন। এ সময় গরু ব্যবসায়ীদের কাছে ওই ঘাটে থাকা একদল যুবক গরুগুলোর চালান আছে কি না, এগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো চুরি করে নিয়ে আসা হয়েছে কি না, তা জানতে চায়। ব্যবসায়ীরা এসব প্রশ্নের উত্তর দিলেও ওই যুবকেরা সন্তুষ্ট হতে পারেনি। তাই তারা গরুগুলো আটকে রাখে। একপর্যায়ে গরুগুলো ছাড়িয়ে নিতে ৪০ হাজার টাকা চাওয়া হয়। কিছুক্ষণ পর ২০ হাজার টাকা চাওয়া হয়। রাত নয়টার দিকে উপজেলার ছয়সূতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিরা মিয়া সরকারের সহায়তায় দুই হাজার টাকার বিনিময়ে তাঁরা গরুগুলো ছাড়িয়ে আনেন।বেপারিদের অভিযোগ, গরু আটকে রেখে চাঁদাবাজি করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া ও তাঁর কয়েকজন অনুসারী। ছয়সূতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিরা মিয়া সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথমে তিনি গরু ছাড়িয়ে দেওয়ার কথা স্বীকার করলেও পরে তা অস্বীকার করেন।উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া গরু আটকে রেখে চাঁদা আদায়ের কথা অস্বীকার করে বলেন, ‘তাতারকান্দি এলাকার কিছু যুবক অনেক গরু আটক করে। এ সংবাদ পেয়ে আমি কয়েকজন গরু ব্যবসায়ীর সঙ্গে কথা বলে গরুগুলো ছাড়িয়ে নিতে সহায়তা করি।’কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘আমার কাছে এ ব্যাপারে কেউ অভিযোগ নিয়ে আসেনি।’