যুবলীগের নেতার হাতে বোর্ড কর্মকর্তা লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজ না পাওয়ায় যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক কর্মকর্তাকে লাঞ্ছিত করেছেন যুবলীগ এক নেতা৷ এ ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেন। এ সময় ওই সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বোর্ড ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। যশোর শিক্ষা বোর্ড কর্মচারী সংঘের ডাকে এ কর্মসূচি পালন করা হয়৷
কর্মচারী সংঘের নেতারা জানান, সোমবার যশোর সদর উপজেলা যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক মিল্টন মোল্লার নেতৃত্বে কয়েকজন যুবক শিক্ষা বোর্ডের কমন সার্ভিস বিভাগের সেকশন অফিসার আবুল কালাম আজাদকে মারধর করেন৷ এ সময় তাঁরা কালামকে তাঁর কার্যালয় থেকে তুলে নেওয়ার চেষ্টা করেন৷ সন্ত্রাসী ও কর্মচারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ পরে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা তাৎক্ষণিক বৈঠকে বসে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান৷ সন্ত্রাসীদের গ্রেপ্তার না করার প্রতিবাদে ওই কর্মসূচি পালন করা হয়েছে৷
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত মাসে শিক্ষা বোর্ডের অফিসার কোয়ার্টারের মধ্যে রাস্তা নির্মাণের জন্য কোটেশন আহ্বান করা হয়৷ পাঁচ লাখ টাকার নিচে হলে কোটেশন পদ্ধতিতে ঠিকাদারি কাজ করা হয়ে থাকে৷ দেড় লাখ টাকা ব্যয়ে কাজের জন্য অনলাইনে ২০টি কোটেশন জমা পড়ে৷ এর মধ্যে থেকে আলম নামের একজন ঠিকাদার কার্যাদেশ পান৷ এতে ক্ষিপ্ত হয়ে যুবলীগ নেতা মিল্টন ও তাঁর সমর্থকেরা বোর্ডে গিয়ে আবুল কালামকে মারধর ও লাঞ্ছিত করেন৷
মারধরের অভিযোগ অস্বীকার করে মিল্টন মোল্লা প্রথম আলোকে বলেন, ‘একটু ভুল-বোঝাবুঝি হয়েছে৷ বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে।’