যুবলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ছাত্রলীগের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার তিতাস উপজেলা ছাত্রলীগের অফিসে হামলা, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার করা যুবলীগের নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবলীগ। গতকাল সোমবার দুপুরে তিতাস উপজেলার গাজীপুর থেকে উপজেলা পরিষদ পর্যন্ত এ বিক্ষোভ মিছিল করে তারা।

তিতাস উপজেলা যুবলীগের সদস্য মকবুল মাহমুদ প্রধান, নূর মোহাম্মদ লালন, আওলাদ হোসেন মুন্সী, বলরামপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রাশেদ ফরাজী, যুবলীগের কর্মী তাইজুল ইসলাম, আল মনসুর, বলরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স্বপন সরকার মিছিলে অংশ নেন। মিছিল শেষে তাঁরা গাজীপুর বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেন। এতে বক্তারা বলেন, অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে গত রোববার ভোরে গ্রেপ্তার হওয়া যুবলীগের তিন নেতাকে মুক্তি দিতে হবে।

উপজেলা যুবলীগের সদস্য আওলাদ হোসেন মুন্সী বলেন, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর প্রকৃত অনুসারীদের হয়রানির জন্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এ মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

গত শুক্রবার বিকেলে উপজেলার গাজীপুরে ছাত্রলীগের কার্যালয়ে হামলা, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করা হয়। এ ঘটনায় যুবলীগের ১৬ নেতা-কর্মীর বিরুদ্ধে শনিবার রাতে তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম বাদী হয়ে মামলা করেন।