
প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা শেষে যুবলীগের নেতা-কর্মীরা যখন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আলোচনা সভা শেষে মিলাদ মাহফিলের আয়োজনে ব্যস্ত, তখন যুবদলের নেতা-কর্মীরা দলবল নিয়ে ঠেলে চলে আসেন সেখানে। তাঁদের দেখে সভায় উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে শুরু হয় অস্থিরতা। চোখে-মুখে ফুটে ওঠে আতঙ্কের ছাপ। পরে তাঁদের হাতে ফুলের তোড়া দেখে শান্ত হয় পরিবেশ। যুবদলের নেতা-কর্মীরা সঙ্গে আনা ফুলের তোড়াটি তুলে দেন যুবলীগের নেতা-কর্মীদের হাতে। বিনিময় করেন শুভেচ্ছা। এরপর যুবদলের নেতা-কর্মীদের মুখে মিষ্টি তুলে দেন যুবলীগের নেতা-কর্মীরাও।
গতকাল সোমবার বিকেলে যুবলীগের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এভাবেই শুভেচ্ছা বিনিময় করেন জেলা যুবদল ও যুবলীগের নেতা-কর্মীরা। জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হোসেনের নেতৃত্বে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আরও শুভেচ্ছা জানান জেলা যুবদলের সদস্য আলী বখতিয়ার, আনসারুল ইসলাম, সাদেকুল ইসলাম, সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান ও আলমগীর হোসেন।
এটি একটি দৃষ্টান্ত উল্লেখ করে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হোসেন বলেন, ‘আগে ঠাকুরগাঁওয়ে দলগুলোর মধ্যে রাজনৈতিক বিভেদ থাকলেও তাদের মধ্যে ভ্রাতৃত্ব বজায় থাকত। কিন্তু এখন সেই ভ্রাতৃত্ব অনেকটা নষ্ট হতে বসেছে। আমরা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে একে অপরের বিরোধী হলেও ব্যক্তিগতভাবে সে বিরোধ জিইয়ে রাখার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই। সে কারণেই যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম। তারাও আমাদের মুখে মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছার জবাব দেওয়ায় ভালো লাগছে।’
যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ বলেন, ‘সহিংসতার রাজনীতি পেছনে ফেলে আমরা ঠাকুরগাঁওয়ে নতুন ধারার রাজনীতি শুরু করতে চাই। রাজনৈতিক ভেদাভেদ দলীয় কর্মকাণ্ডের মধ্যে সীমিত রেখে সহমর্মিতার রাজনীতি শুরু করতে চাই।’
জেলা বিএনপির সহসভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সাল আমীন বলেন, ‘দেশে এই ধারার রাজনীতি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব বলে আমি মনে করি। শুধু প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানানো নয়, অন্য দলের ভালো কাজগুলোকে প্রশংসা করা হলে সুষ্ঠু মানসিকতার রাজনীতি ফিরে আসবে।’