যুবলীগের বাধায় শিডিউল জমা দিতে পারেননি ঠিকাদারেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পৌরসভায় যুবলীগের বাধায় সাধারণ ঠিকাদারেরা শিডিউল জমা দিতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার প্রায় অর্ধকোটি টাকার বাঘাইছড়ি পৌরসভার দরপত্রের শিডিউল জমা দেওয়ার ছিল শেষ দিন। ঠিকাদারেরা অভিযোগ করেন, সকাল থেকে দুপুর পর্যন্ত যুবলীগের নেতা-কর্মীরা পৌরসভা কার্যালয় বাইরে পাহারা দিয়ে রাখেন। কেউ শিডিউল জমা দিতে এলে তাঁকে হুমকিও দেওয়া হয়। এর ফলে শুধু তাঁরা নিজেরাই শিডিউল জমা দেন। পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, মারিশ্যা বিজিবি এলাকায় ৩২০ মিটার ও পুরান মারিশ্যা এলাকায় আরসিসি রাস্তা নির্মাণের কাজ হাতে নেওয়া হয়। নগর উন্নয়ন প্রকল্প থেকে এ দুটি রাস্তার নির্মাণকাজ ধরা হয় ৪৭ লাখ টাকার। গত মাসের ১৯ তারিখের বিজ্ঞপ্তিমূলে দুই প্রকল্পের ফরম বিক্রি শুরু করে। এ পর্যন্ত মোট ১৩টি ফরম বিক্রি করা হয়। এর মধ্যে মাত্র ছয়টি শিডিউল বাক্সে জমা পড়েছে। অভিযোগ অস্বীকার করে বাঘাইছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জগৎ দাশ বলেন, ‘আমরা কোনো ঠিকাদারকে শিডিউল জমা দিতে বাধা দিইনি।’ ঠিকাদার মো. কামাল হোসেন বলেন, ‘শিডিউল জমা দিতে একাধিকবার পৌরসভা কার্যালয়ে যাওয়ার চেষ্টা করেছি। কিন্তু যুবলীগের নেতা-কর্মীদের হুমকি ও বাধার মুখে যেতে পারিনি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ নিয়ে গিয়েছি। দুপুর পৌনে ১২টা দিকে তাঁর কাছে জমা দিই।’ পৌর মেয়র মো. আলমগীর কবির বলেন, ‘শিডিউল জমা দেওয়াকে নিয়ে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আমি অসুস্থ তবে ওপেন শিডিউল জমা নেওয়া হয়েছে। পৌর কার্যালয়ে বাইরে কী হয়, তা আমাদের দেখার বিষয় নয়।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, ‘যুবলীগের কর্মীদের বাধায় শিডিউল জমা দিতে পারেননি বলে অভিযোগ পেয়েছি। একজন ঠিকাদার আমার কাছে শিডিউল জমা দিয়েছেন। সেটা থানায় পাঠিয়ে দিয়েছি।’