যুবলীগের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা যুবলীগের বিরুদ্ধে পৌরসভা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে সভা আয়োজনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার বিকেলে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল মমিন বলেন, ‘এরূপ সভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে, তা জানা ছিল না। বিষয়টি জানার পর দ্রুত সভা বাতিল করে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে জনসংযোগ করেছি।’
স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেল পাঁচটার দিকে কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতাদের উপস্থিতিতে বিশেষ বর্ধিত সভা শুরু করে উপজেলা যুবলীগ। এতে জেলা যুবলীগের সভাপতি শাহনূর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক নাসরিন জাহান চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়া কেন্দ্রীয় যুবলীগের উপবিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শ্যামল কুমার রায়, কেন্দ্রীয় নেতা মশিউর রহমান, আশরাফুল ইসলাম, বিল্লাল হোসেন প্রমুখ সেখানে ছিলেন। বিষয়টি পৌরসভা নির্বাচনের আচরণবিধির পরিপন্থী জানতে পেরে রিটার্নিং কর্মকর্তা আলামিন আল মামুন সভা বন্ধ রাখার আহ্বান জানান। সভাটি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলে তিনি অভিযোগ তোলেন। এ সময় রিটার্নিং কর্মকর্তার সঙ্গে যুবলীগ নেতাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে যুবলীগের নেতারা মাইক বন্ধ রেখে সভা শুরু করতে চান। সেটিও আচরণবিধির লঙ্ঘন জানিয়ে রিটার্নিং কর্মকর্তা সভা বন্ধের আহ্বান জানান। বিষয়টি জেনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী তাকজিল খলিফা সভা বন্ধ রাখতে বলেন। পরে খুব দ্রুত সভা শেষ করে যুবলীগের নেতারা মেয়র পদপ্রার্থীর পক্ষে গণসংযোগ চালান।
রিটার্নিং কর্মকর্তা আলামিন আল মামুন বলেন, ‘জনসভা ডাকা, প্রার্থীর পক্ষে স্লোগান ও প্রচারণা চালানো হচ্ছিল; যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ কারণে যুবলীগের নেতাদের সভাটি বন্ধ করতে বলা হয়।’