বগুড়ায় জুয়া, হাউজি, অশ্লীল নৃত্য ও মাদকের আসর বন্ধের দাবিতে অবরোধ ও সমাবেশ পালন করেছে বগুড়া জেলা যুবলীগ। গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত বগুড়া শহরের সাতমাথায় অবরোধ চলাকালে তীব্র যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, অবরোধ কর্মসূচি পালনের কথা জানিয়ে তিন দিন ধরে শহরজুড়ে মাইকিং করে যুবলীগ। গতকাল বেলা সাড়ে ১১টা থেকে শহরের সাতমাথায় বীরশ্রেষ্ঠ স্কয়ার চত্বরে বগুড়া জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দারের সভাপতিত্বে সমাবেশ হয়। এরপর বেলা ১১টা ৫৫ মিনিটে অবরোধ কর্মসূচি শুরু করা হয়। ফলে শহরজুড়ে যানজটে মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।
বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন সেক্টর কমান্ডারস ফোরাম বগুড়া জেলা কমিটির সভাপতি মাসুদার রহমান, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান, সাধারণ সম্পাদক সাঈদ সিদ্দিকী, বঙ্গবন্ধু ব্যাংকার্স পরিষদের সভাপতি এ কে এম আবদুল হান্নান, উদীচী সংসদের বগুড়ার সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, বর্তমান সভাপতি মাহমুদুস সোবহান, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন সিং, জেলা যুব সংহতির সভাপতি ফারুক আহম্মেদ, যুব ইউনিয়নের সভাপতি সাজেদুর রহমান, যুবজোটের সাধারণ সম্পাদক ওবায়দুল হক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায়, জেলা যুব মহিলা লীগের সভাপতি লাইজিন আরা, বাংলাদেশ লিগ্যাল এইড ট্রাস্টের সমন্বয়ক আশরাফুন্নাহার প্রমুখ।
বেসরকারি সংস্থা স্বপ্ন, মৌমাছি খেলাঘর আসর, বাংলাদেশ গ্রাম থিয়েটার, নজরুল পরিষদ, হোটেল রেস্তোরাঁ শ্রমিক লীগ, হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন, বঙ্গবন্ধু প্রজন্ম লীগ, বগুড়া শহর জাসদ, সুপার বয়েজ ক্লাব, দরজি শ্রমিক ইউনিয়ন, স্বপ্নচূড়া শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন সংগঠন কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে।
আমিনুল ইসলাম বলেন, প্রশাসনের ছত্রচ্ছায়ায় বেসরকারি সংস্থা টিএমএসএসের কার্যালয় চত্বরে বিজয় মেলার নামে নগ্ন নৃত্য, জুয়া-হাউজি চলছে। এ ছাড়া কাহালুর পাইকড় ইউপির পশ্চিম ভুগইল, শিবগঞ্জের কিচক, ভায়েরপুকুর, মাঝিহট্ট ইউপির ছাতুয়ার ল্যালপাগাড়ী, গাবতলী উপজেলার সোনারা, গোলাবাড়ী, শেরপুরের রানীরহাট ও রাজারদিঘিতে রমরমা জুয়ার আসর চলছে। এ ছাড়া শহরে হাত বাড়ালেই মাদক মিলছে। প্রশাসন ও রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় মাদকের বিষবাষ্প ছড়িয়ে পড়েছে ঘরে ঘরে। এসব বন্ধের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে লিখিত স্মারকলিপি দেওয়া হয়েছে। তাতে কাজ না হওয়ায় যুবলীগ অবরোধ কর্মসূচি দিতে বাধ্য হয়েছে।
আবদুর রাজ্জাক সমাবেশে বলেন, ‘মেলার নামে অশ্লীলতা কেন বন্ধ হচ্ছে না, পুলিশ প্রশাসনের কাছে জানতে চাই।’ নাট্যসংগঠক খলিলুর রহমান চৌধুরী বলেন, জুয়া-হাউজিতে মানুষ সর্বস্বান্ত। প্রশাসনকেই এর দায় নিতে হবে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান বলেন, প্রশাসন যদি সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনার কথা বিশ্বাস করে, তবে এই অনাচার বন্ধে তাদেরই ব্যবস্থা নিতে হবে।
সমাবেশ শেষে আগামী ৫ জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও ডিআইজি বরাবর স্মারকলিপি পেশের কর্মসূচি ঘোষণা করেন জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন সমাবেশস্থলে বলেন, মাদকের বিরুদ্ধে শুধু কথা বললে হবে না, পরিবার থেকেও মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। যাঁরা আন্দোলন করছেন তাঁদের কথা ও কাজ এক হলে পুলিশও তাঁদের সঙ্গে থাকবে।
পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, বিজয় মেলায় এ ধরনের কিছু হচ্ছে না। জেলা প্রশাসক মো. আশরাফউদ্দিন বলেন, ‘আমরা ১২টি শর্তে মেলার অনুমতি দিয়েছি। এসব শর্ত কেউ ভঙ্গ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’