যুবলীগের সভাপতির ওপর হামলা
চট্টগ্রামের মিরসরাই উপজেলা যুবলীগের সভাপতি মমিনুল ইসলামের ওপর গত সোমবার সন্ত্রাসী হামলা হয়েছে। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বাড়ির জমি নিয়ে বিরোধের জের ধরে মিরসরাই পৌর সদর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে গতকাল বিকেলে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ঘর নির্মাণের জন্য সোমবার সন্ধ্যায় ট্রাকে করে ইট-বালু এনে বাড়ির সামনে নামানোর সময় সেখানে অবস্থানরত স্থানীয় কিছু সন্ত্রাসী বাধা দেয়। মমিনুল ইসলাম এর কারণ জানতে চাইলে সন্ত্রাসীরা তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সংবাদ সম্মেলনে হামলাকারী কারও নাম উল্লেখ করা হয়নি। লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অনির্বাণ চৌধুরী।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহসভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, মিরসরাই কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সেলিম প্রমুখ।অনির্বাণ চৌধুরী বলেন, যুবলীগ নেতার ওপর হামলার ঘটনার সুষ্ঠু সমাধানের আশ্বাস দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতারা। সমাধান না হলে আজ বুধবার সন্ত্রাসীদের বিচারের দাবিতে উপজেলা যুবলীগ কঠোর কর্মসূচি দেবে।