যুবলীগের সভায় ক্যাঙ্গারু পারভেজ প্রসঙ্গ, উত্তেজনা
আগামী ২৪ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার জনসভা সফল করতে জেলা যুবলীগের প্রস্তুতি সভা গত শনিবার সন্ধ্যায় হয়েছে। জেলা শহরের ২ নম্বর রেলগেটের জেলা ও নগর আওয়ামী লীগের কার্যালয়ে এ সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মাহমুদ।
সভায় বক্তৃতা করার সময় জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম বলেন, যুবলীগের নেতা ক্যাঙ্গারু পারভেজ এক মাসের বেশি সময় ধরে নিখোঁজ থাকলেও জেলা যুবলীগ এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। মেয়র সেলিনা হায়াৎ আইভী ও ত্বকীর বাবা রফিউর রাব্বি পরিকল্পিতভাবে ক্যাঙ্গারু পারভেজকে গুম করেছেন বলে অভিযোগ করেন তিনি।
সভার সভাপতি জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির এর জবাবে বলেন, ‘কারও ব্যক্তিগত অপকর্মের দায় যুবলীগ নেবে না। ক্যাঙ্গারু পারভেজকে যুবলীগের কেন্দ্রীয় কমিটি আগেই সংগঠন থেকে বহিষ্কার করেছে। বহিষ্কার করা ব্যক্তির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।’
আবদুল কাদিরের এই বক্তব্যে শাহ্ নিজাম উত্তেজিত হয়ে দাঁড়িয়ে পাল্টা জবাব দেওয়া চেষ্টা করেন। এ সময় কেন্দ্রীয় নেতারা তাঁকে ধমক দিয়ে বসিয়ে দেন। একপর্যায়ে সভায় উপস্থিত শামীম ওসমানের অনুগত নেতারা চুপসে যান। পরে শান্তিপূর্ণভাবে সভা শেষ হয়।
সভায় নগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক আহমঞ্চদ আলী রেজাসহ সংগঠনের বিভিন্ন থানা কমিটির নেতারা বক্তৃতা করেন।
জেলা যুবলীগের বহিষ্কার হওয়া প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া ওরফে ক্যাঙ্গারু পারভেজ নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহামঞ্চদ ত্বকী হত্যা মামলার সন্দেহভাজন আসামি। তিনি শামীম ওসমানের ঘনিষ্ঠ ক্যাডার হিসেবে পরিচিত। গত ৬ জুলাই তাঁকে ঢাকার গুলশান থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে অজ্ঞাতনামা লোকজন ধরে নিয়ে গেছে উল্লেখ করে তাঁর স্ত্রী গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।