যুবলীগের সমাবেশের কারণে দুঃসহ যানজট

সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় আজ শনিবার সরকারী ছুটির দিনে দুপুর থেকে দেখা দেয় প্রচণ্ড যানজট। ট্রাক-বাসের বহর নিয়ে প্রধান প্রধান সড়কে ছিল সংগঠনটির কর্ম-সমর্থকদের মিছিল।
তাই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে রাজপথে থাকা সাধারণ মানুষ তাঁদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারেননি।
সরেজমিন দেখা গেছে, ভিআইপি সড়কের যানজট ছড়িয়ে পড়ে আশপাশের সড়কগুলোতে। বিজয় সরণি, ফার্মগেট, হাইকোর্ট, গুলিস্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ এলাকায় যান ও জনজট দুটোই ছিল। এসব এলাকায় যানবাহন ছাড়াও পায়ে হেঁটে যুবলীগের একের পর এক মিছিলের কারণে সবকিছু একেবারে ধমকে গিয়েছিল। বাসের জন্য অপেক্ষমাণ যাত্রীদের ভিড় দেখা যায় এই এলাকাগুলোয়। একটি বাস পেলে হুড়মুড় করে ভোগান্তিতে পড়া অগণিত মানুষ সেটি ঘিরে ধরেন।
মিরপুর–১২ নম্বর সেকশন থেকে বেলা ১টায় রওনা দিয়ে আবদুর রহমান নামে ব্যবসায়ী বাসে করে কারওয়ানবাজার এলাকায় আসতে পেরেছেন দুই ঘণ্টা পর। এই সুযোগে সিএনজি অটোরিকশা ও রিকশার ভাড়া কয়েক গুণ বাড়িয়ে দেন চালকেরা।
ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, বেলা ২টার দিকে সোনারগাঁও মোড়ে টানা একঘণ্টা সিগন্যাল দিয়ে রাখা হয়েছিল। একপর্যায়ে ওই এলাকায় ডাইভারশন দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। কারওয়ান বাজারের পর থেকে বাংলা মোটরের দিকে কোন গাড়ি যেতে পারছিল না।
তেজগাঁও জোনের সহকারী কমিশনার (ট্রাফিক) আবদুল আওয়াল প্রথম আলোকে জানান, মহাখালী উড়ালসেতু থেকে যানজট শুরু হয়। দুপুরের পর পরই গণপরিবহনের চাপ বাড়তে থাকে। তবে তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।