কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সম্মেলন হয় না গত ১৪ বছর। অপর দিকে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের এক বছর আগে গঠিত কমিটি চলছে মাত্র তিন সদস্য নিয়ে।দীর্ঘদিন ধরে এ পরিস্থিতি বজায় থাকায় প্রধান দুই দলের যুব সংগঠনের কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়েছে। কেন্দ্রীয় কোনো কর্মসূচি থাকলেই কেবল মাঠে নামতে দেখা যায় এই দুই সংগঠনের নেতা-কর্মীদের। পদপ্রত্যাশী উভয় সংগঠনের নেতা-কর্মীরা উদ্ভূত পরিপ্রেক্ষিতে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি জানিয়েছেন। সম্মেলন নেই ১৪ বছর: কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ সূত্র জানায়, ১৯৯৭ সালে যুবলীগের সর্বশেষ সম্মেলন হয়। এতে শাহীনুল ইসলামকে সভাপতি এবং মঞ্জুর মোর্শেদকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ২০০১ সালে ওই কমিটির মেয়াদ শেষ হয়ে গেলেও এখন পর্যন্ত নতুন কমিটি হয়নি। বর্তমান কমিটির প্রায় ৩০ জন সদস্য বিভিন্নভাবে নিষ্ক্রিয়। কেউ কেউ মারাও গেছেন। এদিকে কমিটির নেতা শাহীনুল ইসলাম, জাকির হোসেন, পার্থ সারথি দত্ত, মহিউদ্দিন ফারুকী ও আবু তাহের অন্তর্ভুক্ত রয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটিতেও। এ অবস্থায় নতুন কমিটি গঠনের জন্য সম্মেলন অনুষ্ঠানের দাবিতে যুবলীগের নেতা-কর্মীরা আওয়ামী লীগের বিভিন্ন নেতার কাছে গিয়ে ধরনা দিচ্ছেন।কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সমাজকল্যাণ সম্পাদক মো. আমজাদ হোসেন প্রথম আলোকে বলেন, এক যুগেরও বেশি সময় ধরে যুবলীগের সম্মেলন না হওয়ায় নতুন নেতৃত্বও তৈরি হচ্ছে না। এ অবস্থায় নতুন কমিটি গঠনের কোনো বিকল্প নেই।কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি শাহীনুল ইসলাম বলেন, ‘ইতিমধ্যে ছাত্রলীগ, কৃষকলীগের নতুন কমিটি হয়েছে। জেলা আওয়ামী লীগ ও এমপি মহোদয়দের সঙ্গে আলোচনা করে শিগগিরই নতুন কমিটি হবে। দীর্ঘদিন কমিটি না হওয়ার কারণে নেতৃত্বের জট লেগে গেছে। আমরাও চাই ওই জট দূর হোক।’তিনজন দিয়ে চলছে যুবদল: ককটেল বিস্ফোরণ ও দুই পক্ষের অস্ত্রবাজির মধ্য দিয়ে গত বছরের ১০ অক্টোবর কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সম্মেলন হয়। এতে সভাপতি পদে আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক পদে আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং সাংগঠনিক সম্পাদক পদে মাঈন উদ্দিন আহমেদের নাম ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। এরপর যুবদলের কমিটি আর হয়নি। ওই কমিটিতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন-উর-রশিদের অনুসারীরা স্থান পেয়েছেন। দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হকের অনুসারীরা এতে স্থান পাননি। এ ব্যাপারে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের মতবিরোধ এখনো পুঞ্জীভূত রয়েছে। সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা বলেন, পূর্ণাঙ্গ কমিটি না থাকায় সরকারবিরোধী আন্দোলনে যুবদল কোনো ভূমিকা রাখতে পারছে না। পদপ্রত্যাশীরাও হতাশ হয়ে পড়েছেন। কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ বলেন, কয়েক দিন আগে আমরা ২০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির একটি তালিকা কেন্দ্রীয় কমিটির কাছে জমা দিয়েছি। সেখান থেকে অনুমোদন এলেই পূর্ণাঙ্গ কমিটি কাজ শুরু করবে।