যুবলীগের সেই নেতাকে কারণ দর্শাও নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় পৌর আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের মামলায় আসামিদের আদালতে হাজির হয়ে জামিন করানোর ঘটনায় বাদী উপজেলা যুবলীগের আহ্বায়ক আজিজুল হক মাতুব্বরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা যুবলীগ।
পিরোজপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান নোটিশের বিষয়টি নিশ্চিত করে গতকাল সোমবার প্রথম আলোকে জানান, গত ১৭ জানুয়ারি (শুক্রবার) আজিজুল হকের কাছে ডাকযোগে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।
গত ৯ ডিসেম্বর জামায়াতে ইসলামীর ডাকা হরতাল চলাকালে শহরের তুলখালী সড়কের পৌর আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা। এ ঘটনায় আজিজুর হক বাদী হয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিনকে প্রধান আসামি করে ৪০৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয়ের আরও ৮০০ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা করেন। ১৫ জানুয়ারির ওই মামলার ২৬৩ জন আসামি উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আসামিদের জামিন নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে মামলার বাদী আদালতে হাজির হয়ে জামিনে আপত্তি নেই বলে জানান। এরপর বিচারক আসামিদের জামিন দেন।
এ ঘটনায় ১৬ জানুয়ারি প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘কারাগারে যাওয়ার দুই ঘণ্টার মধ্যে জামিন! বাদী যুবলীগ নেতার সুপারিশ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরের দিন জেলা যুবলীগের সভাপতি আকতারুজ্জামান ও সাধারণ সম্পাদক জিয়াউল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে প্রথম আলোর সংবাদের উল্লেখ করে আজিজুল হককে আদালতে হাজির হয়ে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের জামিনে আপত্তি না জানানোর কারণ জানতে চেয়ে নোটিশ দেওয়া হয়। এ ঘটনায় কেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা সাত দিনের মধ্যে জানাতে নোটিশে উল্লেখ করা হয়েছে।
গত রোববার বিকেলে চিঠিটি আজিজুল হকের ঠিকানায় কুরিয়ারযোগে মঠবাড়িয়ায় পৌঁছে। তবে গতকাল বিকেল পর্যন্ত তিনি চিঠিটি গ্রহণ করেননি। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন। মুঠোফোন বন্ধ পাওয়ায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।