যুবলীগের সেই নেতার বিরুদ্ধে গাছ কাটার অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে সাসকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক যুবলীগের নেতা আতিয়ারের বিরুদ্ধে সরকারি জায়গা থেকে গাছ কাটার অভিযোগে মামলা হয়েছে। গত মঙ্গলবার গোপালগঞ্জের মুকসুদপুর আমলি আদালতে এ মামলাটি করেন তালবাড়ি এলাকার ওহিদুল শেখের স্ত্রী আছমা বেগম।
বাদীপক্ষের আইনজীবী মো. মেজবাউদ্দিনের সহকারী সুবল গাইন (মুহুরি) বলেন, মুকসুদপুর আমলি আদালতের বিচারিক হাকিম মনিরুজ্জামান অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য জেলা বন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন আগামী ১৯ অক্টোবর। এ মামলায় যুবলীগের নেতা শেখ আতিয়ার রহমানকে প্রধান করে ১৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, আসামিরা শাবল, কুড়াল, করাত দিয়ে মুকসুদপুর উপজেলার ২০৫ নম্বর কলিগ্রাম মৌজার গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের পূর্ব ও পশ্চিম পাশে ২৮৪৬ ও ২৮৬৩ দাগে অবস্থিত সরকারি জমি থেকে রাতের অন্ধকারে আনুমানিক ৩০ লাখ টাকা দামের ৭৫টি গাছ কেটে বিক্রি করেছেন।
গোপালগঞ্জের সহকারী বন সংরক্ষক কবীর হোসেন পাটোয়ারী গতকাল প্রথম আলোকে বলেন, ‘এ-জাতীয় কোনো মামলার খবর আমার জানা নেই। আদালতের নির্দেশনা পেলে তখন এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’
একই দিন ‘যুবলীগের বহিষ্কৃত নেতা আতিয়ার রহমান দিপু কর্তৃক সরকারি জায়গার গাছ কাটা, ঘর নির্মাণ ও রাস্তার ওপর থেকে স্পিডব্রেকার অপসারণ’-এর দাবি জানিয়ে গোপালগঞ্জের সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে আবেদন জানান তালবাড়ি এলাকার হরিদাস হালদার, সুবোধ মণ্ডল, রাফায়েল মল্লিকসহ আটজন বাসিন্দা।
অভিযোগে বলা হয়, মুকসুদপুরের জলিরপাড় ইউনিয়নের তালবাড়ি গ্রামে আতিয়ার রহমান দিপু তাঁর লোকজন দিয়ে টেকেরহাট-গোপালগঞ্জ সড়কের দুই পাশের বেশ কিছু সরকারি গাছ কেটে ফেলেছেন। তা ছাড়া রাস্তা-সংলগ্ন জায়গায় ঘর নির্মাণ করছেন। তাঁর কাজের সুবিধার্থে রাস্তার ওপর দুটি স্পিডব্রেকার দিয়ে যাতায়াতে বিঘ্ন ঘটাচ্ছেন।
লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে গোপালগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী সমীরণ রায় গতকাল প্রথম আলোকে বলেন, ‘লিখিত অভিযোগ আমি পেয়েছি। এ ব্যাপারে সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’