যুবলীগের ১০ কর্মীকে আসামি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার লালমোহনে মা-মেয়ের শ্লীলতাহানির ঘটনায় অবশেষে মামলা হয়েছে। সোমবার রাতে লালমোহন থানায় করা এ মামলায় যুবলীগের স্থানীয় ১০ কর্মীকে আসামি করা হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান প্রথম আলোকে বলেন, আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়েছে। পুলিশের একটি দল ওই এলাকায় দিনরাত টহল দিচ্ছে।ভোলা-৩ আসনের উপনির্বাচনের আগের রাতে (শুক্রবার) পশ্চিম চর উমেদ ইউনিয়নের গোদাখালী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা অভিযোগ করেন, যুবলীগের কর্মী পাশের গ্রামের সিরাজ মৃধার নেতৃত্বে ১০ জন এ ঘটনায় জড়িত।এ ঘটনায় ভুক্তভোগীরা প্রথমে মুখ খোলার সাহস পাননি। পরে আওয়ামী লীগের নবনির্বাচিত সাংসদ নূরনবী চৌধুরী ওই বাড়িতে গিয়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন এবং মামলা করতে বলেন।মামলার তদন্ত কর্মকর্তা এনামুল হক প্রথম আলোকে বলেন, যুবলীগের সিরাজ মৃধা, সোহাগ, আবদুল্লাহ ও সাইফুলসহ ১০ জনের বিরুদ্ধে মামলাটি হয়েছে। যৌন নির্যাতনের অভিপ্রায়ে আক্রমণ করার অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারা অনুযায়ী মামলাটি নথিবদ্ধ হয়েছে। মামলার বাদী শফি মাঝি গতকাল প্রথম আলোকে জানান, মামলা করার পর গতকাল তাঁকে আসামিরা হুমকি দিয়েছে।সিরাজ মৃধার নেতৃত্বে এই দুর্বৃত্তরা ভোটের পরদিন রোববার রাতে একই ইউনিয়নের কচুয়াকালী গ্রামের এক নারীকেও ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে। শুক্রবার রাতে তারা ওই গ্রামের নান্নু মিয়ার বাড়ি ও দোকানসহ আটটি বাড়ি ও দোকান ভাঙচুর করে। বিএনপির স্থানীয় কর্মী নান্নু মিয়া প্রথম আলোর কাছে অভিযোগ করেন, সিরাজ মৃধার বাহিনীর ভয়ে তিনি ভোটের আগ থেকে এলাকা ছেড়েছেন। এখন তাঁদের কয়েক পরিবারের সব পুরুষ সদস্যরা এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।