কক্সবাজারের চকরিয়ায় বিচারিক হাকিম আদালত প্রাঙ্গণে পুলিশ কর্মকর্তাকে মারধর করে আওয়ামী লীগের এক নেতার ছেলেকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। গত সোমবার রাতে আদালতের উপপরিদর্শক (সিএসআই) আবুল কালাম আজাদ যুবলীগের তিন নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে ওই মামলা করেন।
মামলার আসামিরা হলেন, চকরিয়া উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি সাহাব উদ্দিন এবং যুবলীগের কর্মী সালাহ উদ্দিন ও রেজাউল করিম।
পুলিশ সূত্র জানায়, চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেকান্দর বাদশা ওরফে নাগুর ছেলে বেলাল হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে গত সোমবার আদালতে পাঠায়। সিএসআই আবুল কালাম আজাদ বলেন, ‘বেলাল হোসেনকে কেন হাতকড়া পরানো হয়েছে, তা জানতে চেয়ে যুবলীগের নেতা-কর্মীরা পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে যুবলীগের নেতা সাহাব উদ্দিনের নেতৃত্বে ৯-১০ জন লোক আমাকে কিলঘুষি ও লাথি মারতে থাকেন। ওই সময় তাঁরা বেলালকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।’
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, পুলিশ কর্মকর্তাকে মারধরের অভিযোগে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।