যুবলীগ-ছাত্রলীগের ছয় নেতা-কর্মী রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজউক (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) ভবনে ‘টেন্ডারবাজির’ অভিযোগে গ্রেপ্তার হওয়া যুবলীগ ও ছাত্রলীগের ছয় নেতা-কর্মীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
পুলিশ জানায়, বৃহস্পতিবার গ্রেপ্তার করা এই ছয়জনের বিরুদ্ধে ওই দিনই মতিঝিল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করে র্যাব। গতকাল সেই মামলায় ছয়জনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে গাজী মাজহারুল ইসলাম ওরফে গোফরান গাজীকে (৫৭) সংগঠন থেকে বহিষ্কার করেছে যুবলীগ।
গতকাল শুক্রবার যুবলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান সই করা ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাজউক ভবনে টেন্ডারকে কেন্দ্র করে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির
সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ শাখার মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক গাজী মাজহারুল ইসলাম ওরফে গোফরান গাজীকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।’
এর আগে গত বৃহস্পতিবার রাজউক ভবনে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ভেতরের রাস্তা ও নর্দমা তৈরি কাজের দরপত্র খোলার সময় যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতা-কর্মী সেখানে হানা দেয়। তাঁরা দরপত্র কমিটি ও পুলিশের সামনেই জোর করে দরপত্রের ফাইলগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় র্যাব হাতেনাতে গোফরানসহ ছয়জনকে আটক করে। বাকি পাঁচজন হলেন মিজানুর রহমান ওরফে মানিক (৫৬), মো. সেলিম (৫০), খায়রুল আলম ওরফে তুহিন (৩৭), মো. রাসেল (২৯) ও কাজী সোহেল (২৮)। এঁরাও ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। এঁদের বিষয়ে সংগঠনের কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি।
এর আগে ৯ জুলাই টিকাটুলীতে রাজধানী সুপার মার্কেটে চাঁদাবাজির অভিযোগে যুবলীগ ও ছাত্রলীগের ১০ জন নেতা-কর্মীকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ওই মার্কেটের ব্যবসায়ীদের অভিযোগ, ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম ও মহানগর আওয়ামী লীগের সদস্য ও ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ময়নুল হক ওরফে মঞ্জু ওই মার্কেটের চাঁদাবাজি নিয়ন্ত্রণ করেন। ওই ঘটনার পর ১২ জুলাই রেজাউল করিমকে সংগঠন থেকে বহিষ্কার করে যুবলীগ।