বাংলাদেশের যুবসমাজের ভূয়সী প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, এই যুবসমাজই একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে অবদান রাখছে। খবর ইউএনবির।
২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পান বার্নিকাট। এ দেশে নিজের দায়িত্ব পালনের বর্ষপূর্তি উপলক্ষে দেওয়া ওই ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এই সময়ে অনেক বাংলাদেশি তরুণ-তরুণীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, যাঁরা আমাকে খুবই অনুপ্রাণিত করেছেন। তাঁরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলছেন, যা সমৃদ্ধ ও গণতান্ত্রিক।’
গত এক বছরে নিজের কর্মকাণ্ডের বর্ণনা করে ১ মিনিট ৪৭ সেকেন্ডের ভিডিওটিতে বার্নিকাট বলেছেন, সময় খুবই দ্রুত চলে গেছে। আর এটা পেশাগত ও ব্যক্তিগত উভয় দিক দিয়েই তাঁর জন্য ছিল ‘পুরস্কারস্বরূপ’।
মার্কিন রাষ্ট্রদূত উল্লেখ করেন, বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতির স্বাদ সরাসরি নেওয়ার সুযোগ পেয়েছেন তিনি। এ দেশে দায়িত্ব পালনের ক্ষেত্রে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান তিনি।