
যুবসমাজের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা খুবই জরুরি। যার কারণে দেশের সর্বোচ্চ ডিগ্রির দ্বারপ্রান্তে দাঁড়িয়েও বেশির ভাগ শিক্ষার্থী বলতে পারেন না, ভবিষ্যতে তিনি কী করবেন। বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। কারিগরি শিক্ষায় এই অবস্থার পরিবর্তন হতে পারে। তবে সামাজিক মর্যাদা নিয়ে ভুল ধারণার কারণে মানুষ এ শিক্ষায় উৎসাহিত হচ্ছে না। তা ছাড়া সমাজ ও সরকারের উদ্যোগগুলো কিশোর-তরুণদের মনোজগৎকে নাড়া দিতে পারছে না। তাই মাদক বা জঙ্গিবাদের মতো বিষয়গুলো ঢুকে পড়ে তাদের মনের ঘরে, গ্রাস করে তাদের মন। সরকার এখন যে বাংলাদেশের স্বপ্ন দেখছে, তা বাস্তবায়নে তরুণদের কথা শুনতে হবে, তাদের মনের ঘরে উঁকি দিয়ে দেখতে হবে চাহিদাটা কোথায়। খেলাধুলা, সাংস্কৃতিক চর্চাসহ নানা কিছুতে তাদের ব্যস্ত রাখতে হবে। অবাধ ইন্টারনেট, সামাজিক যোগাযোগমাধ্যমের ভালো-খারাপ দিকগুলোও বিবেচনায় রাখতে হবে।
‘সমাজ গঠনে যুবসমাজের কার্যকর অংশগ্রহণ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব মতামত উঠে আসে। গতকাল বুধবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর সম্মেলনকক্ষে এ বৈঠক হয়। ইউনাইট ফর বডি রাইটস (ইউবিআর) অ্যালায়েন্স বাংলাদেশ, কিংডম অব নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় প্রথম আলো এ বৈঠকের আয়োজন করে। সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
বৈঠকের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেন, ‘আমরা তরুণদের যে লেখাপড়া শেখাচ্ছি, তা উন্নয়নে কোনো লাগছে কি? মাস্টার্স পাস করার পর ওই শিক্ষার্থী কী করবেন, তা তিনি জানেন না। আমাদের পর্যাপ্ত দক্ষতা তৈরি হচ্ছে না। এখন আমাদের কাজ হচ্ছে তরুণদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত করা, তাদের দক্ষ করে তোলা। যাতে তারা শিক্ষাকে কর্মের সঙ্গে যুক্ত করতে পারে। তরুণেরা যেন বিপথগামী না হয়, সে জন্য তাদের বেড়া দিয়ে রাখতে হবে।’
তরুণদের জন্য রাষ্ট্র পর্যাপ্ত খেলার মাঠ ও খোলা জায়গার বন্দোবস্ত রাখতে পারেনি বলে গোলটেবিলের কয়েকজন বক্তা উল্লেখ করেন। এর উত্তরে প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেন, ‘আমি তো বলব, মাঠ আছে কিন্তু ছেলেমেয়েরা খেলতে যায় না। সবাই ফেসবুক নিয়ে ব্যস্ত।’
বীরেন শিকদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ে আর ২০৪১ সালে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার টার্গেট নিয়েছেন। যুবসমাজকে যুক্ত করতে না পারলে এ লক্ষ্য যে পূরণ হবার নয়, সেটা সবাই বোঝেন। কারণ, দেশের জনসংখ্যার এক-তৃতীয়াংশ এখন তরুণ-যুবা। যুবসমাজই দেশের ভবিষ্যৎ নির্মাণের অগ্রদূত।
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম বলেন, কারিগরি শিক্ষায় জোর দিতে হবে। সরকার এ বিষয়ে অনেক কাজ করছে। যুব উন্নয়ন অধিদপ্তর গ্রাম-গঞ্জের স্বল্পশিক্ষিত তরুণ-যুবকদের প্রশিক্ষণ ও ঋণ দিয়ে স্বাবলম্বী করছে। যাঁদের অনেকেই এখন সমসাময়িক বেকার তরুণদের চাকরি দিতে পারেন।
মূল বক্তব্য উপস্থাপন করেন ইউবিআর জোটের দলনেতা আয়েশা সিদ্দিকা। সেখানে বলা হয়, বাংলাদেশের ৪০ শতাংশ মানুষের বয়স ১০ থেকে ৩৪-এর মধ্যে। জনসংখ্যার ওই সুবিধা নিতে হবে।
নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর বলেন, বৈষম্যগুলো দূর করতে হবে। যার মধ্যে নারী-পুরুষের বৈষম্য অনেকটা জায়গাজুড়ে রয়েছে।
পপুলেশন কাউন্সিলের বাংলাদেশের পরিচালক ওবায়দুর রব বলেন, ‘তরুণ জনসংখ্যার এই সুবিধা অর্জন করতে হবে। কারিগরি শিক্ষা ছাড়া এটা সম্ভব নয়। আমাদের হাতে আছে আর মাত্র ২৪ বছর।’
পপুলেশন কাউন্সিলের সহকারী কর্মসূচি ব্যবস্থাপক নার্গিস সুলতানা বলেন, প্রতিবছর দুই লাখ শিক্ষিত লোক দেশ ছেড়ে বিদেশে যায়। দেশের উন্নয়নে যাদের সবচেয়ে বেশি অবদান রাখার কথা ছিল।
নেদারল্যান্ডস দূতাবাসের জ্যেষ্ঠ উপদেষ্টা মাশফিকা জামান সাটিয়ার বলেন, মেয়েদের জন্য কারিগরি শিক্ষা মানেই সেলাই। কেন মেয়েরা সেলাইয়ে সীমাবদ্ধ থাকবে? যুবাদের কারিগরি শিক্ষা কর্মক্ষেত্র উপযোগী হতে হবে।
পিএসটিসির নির্বাহী পরিচালক নূর মোহাম্মদ বলেন, তরুণদের কথা শুনতে হবে। নীতিনির্ধারণী পর্যায়ে তরুণদের কণ্ঠস্বর পৌঁছাতে হবে।
মেরিস্টোপসের বিশেষ কর্মসূচির মহাব্যবস্থাপক ও বাংলাদেশের সাইকেল আন্দোলনের পুরোধা বিডিসাইক্লিস্টসের মডারেটর ইমরুল হাসান খান বলেন, তরুণদের মনোজগৎ পাহারা দিতে হবে। বিডিসাইক্লিস্টসের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি তরুণদের জন্য এ ধরনের উদ্যোগ নেওয়ার সুপারিশ করেন।
ইউবিআরের ইয়ুথ ফোরামের সাধারণ সম্পাদক নাহিদ নাজিয়া বলেন, তরুণেরা ছোটাছুটি করছে প্রাইভেট নিয়ে। গান, আবৃত্তিসহ সামাজিক অন্য কাজগুলোতে তাদের যুক্ত হতে দেওয়া হচ্ছে না।
ইউবিআরের ইয়ুথ ফোরামের সভাপতি প্রসেনজিৎ দাস বলেন, বয়ঃসন্ধিকালীন শারীরিক সমস্যা নিয়ে তরুণদের কথা বলার জায়গা না থাকায় তাদের রাস্তাঘাটের ক্যানভাসারদের কাছে দাঁড়াতে হয়। শিক্ষকেরা যদি বন্ধুভাবাপন্ন হন, তাহলে অনেক সমস্যার সমাধান হয়।
তরুণ গায়িকা অবন্তি সিঁথি বলেন, প্রথাগত পেশাগুলোর বাইরে গান গাওয়া, অভিনয় করা, ইউটিউবের জন্য ভিডিওচিত্র নির্মাণ, ইন্টারনেট কনটেন্ট তৈরি ইত্যাদি পেশার দিকে তরুণদের দৃষ্টি আকর্ষণ করাতে হবে।
অভিনয়শিল্পী আরেফ সৈয়দ বলেন, প্রথাগত মূল্যবোধগুলোর চর্চা নেই। তরুণেরা পড়াশোনার বাইরে আর কোনো কিছুরই চর্চা করছে না।
উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষক আতিকুর রহমান বলেন, তরুণদের সৃজনশীল কাজে ব্যস্ত রাখতে পারলে বিপথগামী হওয়ার আশঙ্কা কমে।
নারীপক্ষের সদস্য কামরুন্নাহার বলেন, শিশু একাডেমী, স্কাউটিং—এসব চর্চা আবার ফিরিয়ে আনতে হবে।
দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক দিবালোক সিংহ বলেন, দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী তরুণদের প্রতি বিশেষ নজর দিতে হবে।
বেসরকারি সংস্থা আরএইচএসটিইপির নির্বাহী পরিচালক কাজী সুরাইয়া সুলতানা বলেন, এখন বাবা-মায়েরা সন্তানকে সময় দিচ্ছেন না, অথচ প্রত্যাশা করছেন অনেক কিছু।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নিশাত ফাতিমা রহমান একটি গবেষণার বরাত দিয়ে বলেন, কিশোরদের উল্লেখযোগ্য অংশ মানসিক রোগে ভুগছে। নিয়ন্ত্রণহীন রাগ, পরীক্ষাভীতি, চাপ, সম্পর্কে অবিশ্বাস ইত্যাদি তাদের চেপে ধরছে।
এফপিএবির নির্বাহী পরিচালক ও সাবেক সচিব এ এফ এম মতিউর রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রীদের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা করা জরুরি।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অ্যাডোলসেন্ট ও রিপ্রোডাক্টিভ হেলথের কর্মসূচি ব্যবস্থাপক জয়নাল হক বলেন, অপরিণত গর্ভধারণ মা ও শিশুস্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে।
স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর জাহাঙ্গীর আলম সরকার বলেন, অপরিণত গর্ভের কারণে সেই সন্তান আকারে ছোট হয়, পরেও নানা জটিলতা হয়।
বৈঠকে আরও বক্তব্য দেন ইউবিআরের কর্মসূচি সমন্বয়ক শার্মিন ফরহাত ওবায়েদ এবং প্রকল্প ব্যবস্থাপক প্রদীপ দত্ত।