সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হলে জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। যুবসমাজকে আলোর পথে আনতে ফারাজের মতো বন্ধুর সংখ্যা বাড়াতে হবে। তাহলেই মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে জঙ্গিবাদ টিকে থাকতে পারবে না। সংস্কৃতিচর্চার দিক যত বাড়বে, মৌলবাদ ও অপতৎপরতাও তত কমবে।
বরিশালে উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলনের আলোচনায় এসব কথা বলেছেন বক্তারা। গতকাল শুক্রবার দুপুরে নগরের ব্রজমোহন কলেজের কবি জীবনানন্দ দাশ চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উত্তরণের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৫তম সাধারণ সভা শেষে নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশকে সাম্প্রদায়িকতার দিকে নেওয়ার চেষ্টা অব্যাহত আছে। কিন্তু এ দেশের মুক্তচিন্তার মানুষ ও সংস্কৃতিকর্মীদের ইতিবাচক কর্মকাণ্ডের কারণে সে চেষ্টা ব্যর্থ হয়েছে। দেশের তরুণেরা মুক্তিযুদ্ধের আদর্শে বিকশিত হচ্ছে। কবি জীবনানন্দ দাশের শহর বরিশাল কখনো জঙ্গিবাদকে লালন করেনি। বরং ঘৃণা করেছে। তাঁরা বলেন, হলি আর্টিজান রেস্তোরাঁয় নিজের জীবন দিয়ে ফারাজ বন্ধুত্বের প্রমাণ রেখেছেন। বিপথগামী তরুণদের রক্ষা করার জন্য ফারাজের মতো দায়িত্ব নিতে হবে।
সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কবি পার্থ সারথি। উত্তরণের সভাপতি রোকন ব্যাপারীর সভাপতিত্বে আলোচনা সভায় অধ্যাপক দেবদুলাল গুহ, শিল্পী সুখেন্দু শেখর, শেখ নাছের জামাল, উত্তরণের উপদেষ্টা মিন্টু কুমার কর প্রমুখ বক্তব্য দেন।