যুবায়ের জঙ্গি নাকি 'চর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার বংশালে গ্রেপ্তার হওয়া তরুণকে পুলিশ বলছে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। কিন্তু যুবায়ের নামের ২২ বছর বয়সী ওই তরুণ দাবি করছেন, তিনি জঙ্গি নন; একটি গোয়েন্দা সংস্থার নিয়োগকৃত ‘চর’। তাঁর ওপর একটি সুনির্দিষ্ট কাজের দায়িত্ব ছিল। কাজটি শেষ হওয়ার আগেই গ্রেপ্তার হয়ে গেছেন।
গত ৩১ জানুয়ারি গভীর রাতে মোটরসাইকেলে যাওয়ার সময় যুবায়েরকে টহল পুলিশ গ্রেপ্তার করে। পুলিশের ভাষ্য, একটি মোটরসাইকেলে তিনজন যাচ্ছিলেন, তাঁদের থামাতে গেলে একজন পুলিশের ওপর অ্যাসিড নিক্ষেপ করেন। এতে এক পুলিশ সদস্য আহত হন। তখন পুলিশ পায়ে গুলি করে একজনকে গ্রেপ্তার করে। অপর দুজন পালিয়ে যান।
অবশ্য যুবায়েরের দাবি, পুলিশকে আক্রমণ করা তাঁর উদ্দেশ্য ছিল না। ধস্তাধস্তিতে তাঁর ব্যাগে থাকা অ্যাসিডের বোতল ভেঙে পুলিশের গায়ে পড়েছিল।
যুবায়ের এখন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন। হাসপাতালে তাঁর সঙ্গে এই প্রতিবেদকের তিন দিন কথা হয়েছে। তাঁর বাসা রাজধানীর কামরাঙ্গীরচরে। তিনি প্রথম আলোকে বলেন, তিনি পুরান ঢাকার বড় কাটারা মসজিদ মাদ্রাসা ও ফরিদাবাদ মাদ্রাসায় লেখাপড়া করেছেন। পরে ২০১৫ সালে হাটহাজারী মাদ্রাসায় পড়তে যান। সেখানে একপর্যায়ে এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। তিনি টেকনাফ এলাকায় গোয়েন্দা সংস্থায় কাজ করেন। তাঁর নাম নুরুল আমিন। তিনি জোবায়ের নামেও পরিচিত। তিনি মিয়ানমারের আরাকানের ভাষা জানেন।
যুবায়ের দাবি করেন, ওই আমিনই তাঁকে চর হিসেবে কাজ করার প্রস্তাব দেন। তাঁর ওপর দায়িত্ব ছিল ফরিদাবাদ মাদ্রাসার বহিষ্কৃত শিক্ষক ওসমান গণিকে ধরিয়ে দেওয়ার। ওসমান গণি আনসারুল্লাহ বাংলা টিমের মুফতি বোর্ডের সদস্য। আনসারুল্লাহ বাংলা টিম কাউকে হত্যা করার তালিকায় যুক্ত করার আগে মুফতি বোর্ডের অনুমোদন নিয়ে থাকে। ফরিদাবাদ মাদ্রাসার প্রাক্তন ছাত্র হওয়ার সুবাদে যুবায়ের ওসমান গণিকে নামে চিনতেন। তাঁর দাবি, তিনি ফরিদাবাদ মাদ্রাসায় ঢোকার আগেই ওসমান গণিকে বহিষ্কার করা হয়। তারপরও পোস্তগোলা ব্রিজসংলগ্ন এলাকায় তাঁর যাতায়াত ছিল। ফরিদাবাদ মাদ্রাসায় ওসমানের কিছু অনুসারী ছিলেন, তাঁদেরও পরে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়।
যুবায়ের দাবি করেন, তিনি বরাবরই জঙ্গিবাদের বিপক্ষে। এ কথা তাঁর পরিবারের লোকজনও জানেন। আর সে কারণে তিনি কোথাও কোনো কাজে গেলে পরিবারের কেউ তাঁকে বাধা দেননি।
আপনি যে জঙ্গি নন, এর পক্ষে কী প্রমাণ আছে? জবাবে এই তরুণ বলেন, তিনি জার্মান অর্থায়নে পরিচালিত মুভ ফাউন্ডেশনের কর্মশালায় অংশ নিয়েছেন। সেটা ছিল জঙ্গিবাদবিরোধী কর্মশালা। ওই অনুষ্ঠানে জার্মানির রাষ্ট্রদূত টমাস প্রিনজ উপস্থিত ছিলেন।
জানতে চাইলে মুভ ফাউন্ডেশন বাংলাদেশের নির্বাহী পরিচালক সাইফুল হক প্রথম আলোকে যুবায়েরের এই বক্তব্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত বছরের ২৮ সেপ্টেম্বর ফার্মগেটে কৃষিবিদ ইনিস্টিটিউটে ‘টলারেন্স, রেসপেক্ট অ্যান্ড পিস (টিআরপি)’ শীর্ষক কর্মশালাটি হয়। ওই কর্মশালায় অংশগ্রহণের জন্য যুবায়েরও সনদ পান।
গত বৃহস্পতিবার যুবায়েরের সঙ্গে হাসপাতালে প্রথম কথা হয়। তিনি শুরুতে এই প্রতিবেদককে সরকারি লোক মনে করে জানতে চান, তাঁকে গ্রেপ্তারের খবরটা গোয়েন্দা সংস্থার ওই আমিন ওরফে জোবায়ের পেয়েছেন কি না। তাঁর ভাষ্য, ‘উনি খবর পাননি? ওনার জন্যই তো এই অবস্থা আমার। ওনারা কেউ দায় নেবেন না?’
ওই ব্যক্তিকে কেন বিশ্বাস করেছিলেন, এ প্রশ্নের জবাবে গ্রেপ্তার হওয়া যুবায়ের বলেন, ‘জোবায়ের (আমিন) ভাই আমাকে ডিওএইচএসে এক বড় স্যারের কাছে নিয়ে গিয়েছিলেন। তিনি তৌহিদ স্যার। ওই স্যার আমাকে মৌলবাদবিরোধী কাজে উৎসাহ দেন এবং কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।’
যুবায়ের দাবি করেন, তিনি তাঁর কাজে অনেক দূর এগিয়ে গিয়েছিলেন। ছদ্মবেশে আনসারুল্লাহ বাংলা টিমে ঢুকেও পড়েছিলেন। সংগঠনে তাঁর নাম ছিল ওবায়দুল্লাহ। তিনি সব সময় যোগাযোগ রাখতেন আবু বকর ও আবদুর রব নামে আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যের সঙ্গে। তিনি ওসমান গণির একটি বয়ানেও অংশ নেন। তবে বায়াত নিতে পারেননি। সংগঠনে সবাই সবাইকে অবিশ্বাস করে। সে কারণে তাঁরা তাঁকে সব জায়গায় নিতেন না।
যুবায়ের বলেন, ৩১ জানুয়ারি গভীর রাতে তিনি বংশাল থেকে অ্যাসিড ও গানপাউডার (বিস্ফোরক) নিয়ে ইসলামপুরে আনসারুল্লাহ বাংলা টিমের একটি আস্তানায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। আনসারুল্লাহর একটি দল টেকনাফে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, যা গোয়েন্দা সংস্থার লোক দাবিদার আমিনও জানতেন।
পুলিশের ওপর হামলা করলেন কেন, জানতে চাইলে যুবায়ের বলেন, ‘পুলিশ আটকে ফেলেছিল। ধস্তাধস্তিতে অ্যাসিড ছিটকে পড়েছে।’ ওই রাতে মোটরসাইকেলে তিনি ছাড়া আর কেউ ছিলেন না বলেও দাবি করেন যুবায়ের। তিনি পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তা ও তদন্ত কর্মকর্তাদের সব খুলে বলেছেন বলেও দাবি করেন।
তবে এ বিষয়ে জানতে চাইলে, ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও গণসংযোগ বিভাগের মুখপাত্র মো. মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া যুবায়ের আহত ও চিকিৎসাধীন থাকায় তাঁকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করা হবে।
যুবায়েরের মা জাকিয়া বেগম প্রথম আলোকে বলেন, তাঁর ছেলেকে এই পথে নিয়েছেন গোয়েন্দা সংস্থার লোক আমিন। এই আমিন তাঁদের কামরাঙ্গীরচরের বাসায়ও গেছেন। তিনি বলেন, ‘আমিন সর্বশেষ গত রোজার ঈদের আগে বা পরে এসেছিল আমাদের বাসায়। বলেছিল, আপনার ছেলে বাঘের মুখে পড়লে সেখান থেকেও ছাড়িয়ে নিয়ে আসব। পুলিশে ধরার পর আমিনকে ফোন করেছি। সর্বশেষ গত রোববারও কথা হয়েছে। তিনি আর ফোন করতে নিষেধ করেছেন।’ এই প্রতিবেদক ওই আমিনের নম্বরে যোগাযোগের চেষ্টা করে সোমবার থেকে ফোনটি বন্ধ পান।
তবে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের একজন কর্মকর্তা বলেছেন, তাঁরা মনে করছেন যুবায়ের আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সমর্থক। আবার আরেক কর্মকর্তা বলেছেন, যুবায়ের চর হিসেবেও দায়িত্ব পালন করে থাকতে পারেন কিংবা ফাঁদেও পড়তে পারেন। সবকিছুই খতিয়ে দেখা প্রয়োজন।