নিজের শরীরের কতগুলো অঙ্গের কথা আমরা জানি? অনেকেই হয়তো হাত, পা, চোখ, কানসহ নানা অঙ্গের কথা ভাবতে শুরু করেছেন। জীববিজ্ঞান, বিশেষ করে চিকিৎসাবিজ্ঞানে জ্ঞান রাখেন এমন অনেকে হয়তো একটু গভীরে যাবেন। বলবেন, হৃদ্যন্ত্র, পাকস্থলী, ফুসফুস ইত্যাদি। তবে কোন অঙ্গ ক্ষুদ্রান্ত্র, পাকস্থলীসহ পেটের ভেতরের অঙ্গগুলোকে উদরের সঙ্গে ধরে রাখে জানতে চাইলে নিরুত্তর থাকবেন অনেকেই। অঙ্গটির নাম মেসেনটেরি।
বিশ্বখ্যাত চিত্রশিল্পী লেওনার্দো দা ভিঞ্চি ষোড়শ শতকের প্রথমদিকে যখন মানুষের দেহব্যবচ্ছেদ করেন, তিনি মেসেনটেরিকে পাকস্থলী বা ক্ষুদ্রান্ত্রের একটি অংশ হিসেবেই শনাক্ত করেন। পরবর্তী প্রায় চার শতাব্দী এই অঙ্গ চিকিৎসাবিজ্ঞানে এভাবেই পরিচিত হয়। ১৮৮৫ সালে ব্রিটিশ শল্যচিকিৎসক স্যার ফ্রেডরিক ট্রিভস মেসেনটেরিকে ক্ষুদ্রান্ত্র ও বৃহদন্ত্রের ছিন্ন অংশ বলে ঘোষণা দেন।
তবে নতুন এক গবেষণায় বিজ্ঞানীরা দাবি করেছেন, মেসেনটেরি আসলে উদরের কোনো অঙ্গের ছিন্ন অংশ নয়। এটি নিজেই একটি অঙ্গ, যা মানবদেহের পরিপাকতন্ত্রের একটি অংশ। আয়ারল্যান্ডের লিমরিকে অবস্থিত ইউনিভার্সিটি অব লিমরিকের শল্যচিকিৎসা বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. জে কেলভিন কফির নেতৃত্বে এই গবেষণাটি পরিচালিত হয়েছে। এতে মেসেনটেরির গঠনের ছবি ও বিভিন্ন গবেষণার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে কফি প্রমাণ করেছেন, কিছু বিশেষ ক্ষেত্র পর্যালোচনা করলে এই অঙ্গের স্বাতন্ত্র্যের প্রমাণ মেলে।
সাম্প্রতিকতম এই অনুসন্ধান আবারও মনে করিয়ে দেয় অস্ট্রিয়ান শারীরস্থানবিদ কার্ল টলটের কথা। ফ্রেডরিক ট্রিভসের দাবির সাত বছর আগে ১৮৭৮ সালে কার্ল টলট মেসেনটেরিকে স্বতন্ত্র অঙ্গ হিসেবেই দাবি করেন। কিন্তু তাঁর ওই গবেষণা একপ্রকার অগ্রাহ্যই করা হয় সে
সময়। ইংরেজ শারীরস্থানবিদ হেনরি গ্রে ১৮৫৮ সালে প্রকাশিত তাঁর বিখ্যাত গ্রের অ্যানাটমি বইয়ের প্রথম সংস্করণে মেসেনটেরিকে ছিন্ন অংশ বলে দাবি করেন, যার সঙ্গে ফ্রেডরিক ট্রিভসের দাবি পুরোপুরি মিলে যায়।
এবার জেনে নেওয়া যাক মেসেনটেরি আসলে কী করে? শরীরের ভেতরকার পাকস্থলীসহ নাড়িভুঁড়ি ঠিক জায়গায় ধরে রাখার কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেসেনটেরি সেই দায়িত্ব একদম ঠিকঠাক পালন করে। বৃহদন্ত্র ও ক্ষুদ্রান্ত্রকে উদরের দেয়ালের সঙ্গে ধরে রাখার পাশাপাশি এই অঙ্গ এই দুই অন্ত্র যাতে দেয়ালের সঙ্গে একেবারে লেগে না থাকে, সে বিষয়টাও নিশ্চিত করে। এ ছাড়া অন্ত্র ও শরীরের অন্য অংশের মধ্যে রক্ত ও লসিকা সংবহনের কাজটাও এই অঙ্গের।
ইউনিভার্সিটি অব লিমরিকের জে কেলভিন কফি বলেন, মেসেনটেরি ছাড়া ক্ষুদ্রান্ত্র ও বৃহদন্ত্রের উদরের সঙ্গে যেমন সংযুক্ত রাখা যেত না, একইভাবে উদরের দেয়াল থেকে এই দুই অন্ত্রকে দূরেও রাখা যেত না। তিনি বলেন, ‘এই অঙ্গের কারণেই আপনার অন্ত্র দেহের নড়াচড়ার সঙ্গে নির্দিষ্ট আকার নিতে বাধ্য হয়। না হলে যখন আপনি বসা থেকে উঠে দাঁড়ান বা হাঁটতে শুরু করেন, তখন অন্ত্রগুলো শ্রোণিচক্রে (পেলভিস) পড়ে যেত এবং কাজ করা বন্ধ করে দিত।’