যে আশ্রয়কেন্দ্রের নাম নেই সরকারি খাতায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি সদরের আনসার ক্যাম্পের পাশ দিয়ে সরু রাস্তা নেমে গেছে নিচের দিকে। ওই পথ ধরে সামনে এগোলে কাপ্তাই হ্রদ। হ্রদের পাড়ে একটি ডিঙি নৌকা বাঁধা। নৌকা দিয়ে হ্রদের ওপারে নেমে আরও প্রায় ১৫ মিনিটের পাহাড়ি উঁচু-নিচু হাঁটাপথ শেষে উলুছড়া আলুটিলা প্রাথমিক বিদ্যালয়ের অবস্থান। ওই বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত স্থানীয় ৪৩টি পাহাড়ি পরিবার। সরকারের খাতায় এই আশ্রয়কেন্দ্রের নাম নেই। তাই ত্রাণের প্রশ্নও আসে না। বেসরকারি দু-একটি সংগঠনের কাছ থেকে পাওয়া ত্রাণে বেঁচে আছে ওই পরিবারগুলো।

পৌর এলাকার মধ্যে হলেও পাড়াটি অবহেলিত। শিক্ষাপ্রতিষ্ঠান বলতে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। উচ্চবিদ্যালয়ে পড়তে হলে হ্রদ পার হয়ে যেতে হয় ভেদভেদী পৌর উচ্চবিদ্যালয়ে। ১৩ জুনের পাহাড়ধসে উলুছড়া আলুটিলা পাড়ার ১০টি ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়। আংশিক বিধ্বস্ত হয় আরও ১০টি ঘর। বাকিগুলোও নিরাপদ নয়। তাই প্রাণের ভয়ে ৪৩টি পরিবারই প্রাথমিক বিদ্যালয়টিতে আশ্রয় নেয়।

দুর্গত মানুষের জন্য রাঙামাটি সদরে ১৯টি আশ্রয়কেন্দ্র খুলেছে জেলা প্রশাসন। সরকারিভাবে ত্রাণ পাচ্ছে ওই আশ্রয়কেন্দ্রগুলোর বাসিন্দারা। কিন্তু সরকারি তালিকায় না থাকায় উলুছড়া আলুটিলা পাড়ার ১৭০ জন বাসিন্দা নিজেরাই নিজেদের খাবার জোগাড় করছে। ওই বিদ্যালয়ে আশ্রয় নেওয়া সুবর্ণ চাকমা বলেন, নিজেরা যে যেভাবে পারছেন দুই বেলা খাবারের ব্যবস্থা করছেন। শাক-সবজি, বাঁশকোরল রান্না করে খাচ্ছেন। সরকারি কোনো সহায়তা পাননি তাঁরা।

গত বৃহস্পতিবার ওই আশ্রয়কেন্দ্রে গিয়ে দেখা যায়, স্কুলের বারান্দায় তখন কয়েকজন নারী কাঁচা কাঁঠাল ও বাঁশকোরল কাটছেন। ওই দিয়ে আশ্রিতদের দুপুরের খাবার রান্না হবে। তাঁদের একজন¯স্নেহ চাকমা বলেন, দুই দিন আগে একটি বেসরকারি প্রতিষ্ঠান দুই বস্তা চাল দিয়েছে। ওগুলো দিয়ে আপাতত চলছে। প্রথম আলো ট্রাস্টও ত্রাণ দিয়েছে এখানে।

জানতে চাইলে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী কমিশনার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত প্রথম আলোকে বলেন, ‘ওই পাড়াটির কথা জানা ছিল না। তবে আমরা এখনো যাচাই-বাছাই করে ক্ষতিগ্রস্তদের তালিকা করছি।’

একইভাবে ভেদভেদী মনু আদমপাড়ার ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারও ত্রাণ পাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রবি চাকমা বলেন, ‘তাঁদের আমরা যোগাযোগ করতে বলেছি। তালিকায় নাম উঠে যাবে।’

জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান বৃহস্পতিবার বিকেলে তাঁর সম্মেলনকক্ষে সাংবাদিকদের বলেন, দিনে দিনে আশ্রয়কেন্দ্রে লোকজনের সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার পর্যন্ত ১৯টি আশ্রয়কেন্দ্রে ৩ হাজার ২০০-এর বেশি লোক আশ্রয় নিয়েছে। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে খাদ্য ও ত্রাণ সরবরাহ চলছে বলেও তিনি জানান।

এদিকে রাঙামাটি সরকারি কলেজ কেন্দ্রে আশ্রয় নেওয়া লোকজনের মধ্যে তিনজন অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন। আশ্রয়কেন্দ্রের নানা সীমাবদ্ধতার মধ্যেও নতুন তিন অতিথির অপেক্ষায় আছে সবাই। তবে নতুন অতিথি আসার আগে ঘর জুটবে কি না, তা নিয়ে অনিশ্চয়তায় আছে তারা। রূপনগর এলাকার পাখি বেগম প্রথমবারের মতো অন্তঃসত্ত্বা হন। আগামী ৫ জুলাই তাঁর সম্ভাব্য প্রসবের সময়। স্বামী জসিম উদ্দিন নলকূপের মিস্ত্রি। ১৩ জুন ঘর হারানোর পর তাঁদের ঠাঁই মিলেছে এই আশ্রয়কেন্দ্রে।

পাখি বলেন, সময় ঘনিয়ে আসছে। এর মধ্যে ঘরবাড়িও নেই। এখান থেকে হাসপাতালে পাঠানো হবে বলে কেন্দ্রের লোকজন জানিয়েছেন।

ওই কেন্দ্রে আশ্রয় নেওয়া রূপনগর এলাকার হ্যাপি বড়ুয়া ছয় মাসের অন্তঃসত্ত্বা। ১৩ জুন ভেঙে যাওয়া ঘর থেকে হ্যাপিকে বেড়া কেটে বের করে আনেন স্বজনেরা। ওই ঘটনায় আতঙ্কিত হলেও শারীরিকভাবে সুস্থ আছেন তিনি। শিমুলতলী এলাকার হোসনে আরা বেগম। পঞ্চমবারের মতো অন্তঃসত্ত্বা হয়েছেন। ঘর হারানো হোসনে আরার ঠিকানাও এখন আশ্রয়কেন্দ্র। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকেও চিকিৎসকের কাছে পাঠানো হয়।

১৩ জুন পাহাড়ধসে রাঙামাটিতে এ পর্যন্ত ১২০ জন প্রাণ হারিয়েছেন। পাহাড়ধসের ঘটনায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই পাঁচ জেলায় ১৫৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই তথ্য সংশ্লিষ্ট জেলা প্রশাসনের।