সুমাইয়াদের ঘরে প্রায় হাঁটুপানি। সে দ্বিতীয় শ্রেণির ছাত্রী। আজ সোমবার সকাল ছয়টায় সে ঘুম থেকে ওঠে। ঝটপট খাওয়াদাওয়া সেরে স্কুলড্রেস ব্যাগের ভেতর ঢুকিয়ে নেয়। তার স্কুল শুরু হয় সকাল সাতটায়। এরপর ঘরের সামনের গলির হাঁটুপানি ভেঙে স্কুলে যাওয়ার প্রধান সড়কে আসে। যানবাহন না পেয়ে কোমরপানি ভেঙে চলে আসে স্কুলের সামনে। সেখানে তার এক বান্ধবীর বাসায় ঢুকে পোশাক পরিবর্তন করে স্কুলে ঢোকে। ১০টার দিকে ক্লাস শেষে আবার পানি ভেঙে চলে আসে বাসায়।
এভাবে প্রায় পাঁচ মাস ধরে ক্লাস করছে সুমাইয়া। এখন তার মনের অবস্থা এমন হয়েছে যে পানি দেখলে তার ভয় লাগে। সুমাইয়া থাকে ডেমরার সারুলিয়া ইউনিয়নের পশ্চিম বামৈল এলাকায়। পড়ে ডেমরার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে।

সুমাইয়াদের মতো রাজধানীর ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধের কয়েক লাখ মানুষ পাঁচ মাস ধরে পানিবন্দী। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারাই বলছেন, চলতি বছর বৃষ্টির পানিতে ডেমরা, যাত্রাবাড়ী, শ্যামপুর, কদমতলী, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পাঁচ মাস ধরে এসব এলাকার ২০ লাখ মানুষ চরম দুর্ভোগে রয়েছে।
এসব মানুষের দুর্ভোগ লাঘবে স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার ভূমিকা জানা যায়নি। সোমবার বিকেল ও সন্ধ্যায় একাধিকবার কল করেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে গত ১৫ জুন একই বিষয়ে প্রথম আলোকে তিনি বলেন, ‘বৃষ্টি তো আল্লায় দেন। আমার তো কিছু করার নেই।’
সম্প্রতি এসব এলাকার বেশির ভাগ জায়গা ঘুরে দেখা গেছে, এপ্রিল মাসের শেষের দিক থেকে ডেমরার নিম্নাঞ্চল বৃষ্টির পানিতে তলিয়ে যায়। এরপর থেকে ধারাবাহিকভাবে ডেমরার বেশির ভাগ জায়গায় পানি জমে যায়। বেশির ভাগ রাস্তায় হাঁটুপানি। ঘরে হাঁটুর ওপরে পানি। ডেমরার পাশাপাশি যাত্রাবাড়ীর মাতুয়াইলের রহমতপুর, ডগাইসহ অনেক এলাকার রাস্তা পানিতে তলিয়ে যায়। এ ছাড়া শ্যামপুর-কদমতলীর বেশির ভাগ সড়কে পানি জমে গেছে। পানি জমে আছে দোলাইরপাড় বাজার থেকে দোলাইরপাড় মূল সড়ক পর্যন্ত। এমন অবস্থা হয়েছে যে রিকশা-ভ্যান ছাড়া ইঞ্জিনচালিত যানবাহন চলতে পারছে না। আর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার বেশির ভাগ সড়কে পানি দেখা গেছে। এমনকি ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামও কয়েক মাস ধরে পানিবন্দী। এসব এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে বলছেন, ঘরের ভেতর, বারান্দায়, রান্নাঘর ও রাস্তায় পানি। পানির মধ্যে এভাবে মাসের পর মাস বসবাস করা কি সম্ভব?

মোহাম্মদ পলাশ ব্যাটারিচালিত অটোবাইক চালিয়ে সংসার চালান। থাকেন ডেমরার রানীমহলে। রানীমহল থেকে যাত্রাবাড়ীর মাতুয়াইলের রহমতপুর পর্যন্ত সড়কে গাড়ি চালিয়ে থাকেন। এই রাস্তার দুই ধারে ডেমরার বেশ কয়েকটি স্কুল, কলেজ ও মাদ্রাসা আছে। পলাশ আজ সোমবার যখন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে ডগাই থেকে রানীমহলের দিকে যাচ্ছিলেন, তখন সড়কের পশ্চিম বামৈল এলাকায় তাঁর গাড়ির নিচের অংশ ডুবে যায়। বন্ধ হয়ে যায় ইঞ্জিন। পরে কোমরপানিতে নেমে তিনি আবার চালু করেন। পাঁচ মাস ধরে এভাবে চলাচল করে চরম ক্ষুব্ধ পলাশ। তাঁর ধারণা, গ্রামের লোকজনের এত কষ্ট নেই। তিনি বললেন, ‘ঘরে হাঁটুপানি, রাস্তায় কোমরপানি। এই পানি ভেঙে ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে। কষ্টের যেন শেষ নেই।’
ডেমরার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান মোল্লা মুঠোফোনে বললেন, রাস্তায় এত পানি যে বাসা থেকে শিক্ষার্থীরা স্কুলের পোশাক পরতে পারছে না। ব্যাগে করে স্কুলের পোশাক আনতে হচ্ছে তাদের। রাস্তায় গাড়িও চলছে না। অবর্ণনীয় কষ্টে আছেন এলাকার ছাত্রছাত্রীসহ সব পেশার মানুষ।

পানিবন্দী এসব মানুষের দুর্ভোগের সব কথা জেনেও তাঁদের আশার বাণী শোনাতে পারেননি পাউবোর নির্বাহী প্রকৌশলী (ঢাকা ডিভিশন-১) আবদুল আওয়াল মিয়া। তিনি প্রথম আলোকে বললেন, একদিন বৃষ্টি হলে তা সেচতে আট দিন সময় লাগে। বৃষ্টির পানি জমে ডিএনডি বাঁধের ২০ লাখ মানুষ পাঁচ মাস ধরে অনেক কষ্টে আছেন। জনগণের দুর্ভোগ লাঘবে নভেম্বর থেকে খাল খননের কাজ শুরু হবে।
আগামী বছর এমন কষ্ট হবে না বলে আশার বাণী শোনালেন আবদুল আওয়াল মিয়া।
পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদও প্রথম আলোকে বলেন, ‘এসব এলাকায় অপরিকল্পিতভাবে ঘরবাড়ি তৈরি করেছে মানুষ। এরপরও বৃষ্টির পানি সেচের জন্য পাম্প দিয়েছি। পানি তো আমাদের খালে আসতে হবে। প্রধান খালে যে পানি আসে তা সেচ দেওয়া হয়।’
পানিসম্পদমন্ত্রী জানালেন, ‘শীতকাল থেকে প্রকল্পের কাজ শুরু হচ্ছে। বাস্তবায়ন করবে বাংলাদেশ সেনাবাহিনী। বেশি ক্ষমতাসম্পন্ন পাম্প সেখানে বসানো হবে। এসব এলাকার পানি বের করতে হলে পাম্পের বিকল্প নেই। ২০২০ সাল নাগাদ প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করি।’