যে কারণে আ.লীগের মন্ত্রী-সাংসদেরা মনোনয়নবঞ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের মনোনয়ন পাননি সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন সাবেক মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, সাবেক বিদ্যুত্ ও জ্বালানি প্রতিমন্ত্রী এনামূল হক, এবং ঢাকা-১৯ আসনের সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ। ছবি: সংগ্রহ।
আওয়ামী লীগের মনোনয়ন পাননি সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন সাবেক মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, সাবেক বিদ্যুত্ ও জ্বালানি প্রতিমন্ত্রী এনামূল হক, এবং ঢাকা-১৯ আসনের সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ। ছবি: সংগ্রহ।

দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিভিন্ন কারণে আওয়ামী লীগের মনোনয়ন থেকে বাদ পড়েছেন ছয়জন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ৪৯ জন সাংসদ। দলটির সংসদীয় বোর্ডের একাধিক সদস্য বলছেন, দুর্নীতি, বিতর্কিত কর্মকাণ্ড, জনবিচ্ছিন্নতা, দলীয় কর্মকাণ্ডে অনীহা ও শারীরিক অসুস্থতার কারণে এসব মন্ত্রী ও সাংসদ বাদ পড়েছেন। এ ছাড়া কয়েকটি আসনে দলীয় কোন্দল থাকায় ওসব আসনে অপেক্ষাকৃত নবীন ও স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে।

দলটির সভাপতিমণ্ডলীর একজন সদস্য প্রথম আলো ডটকমকে বলেন, অনেক যাচাই-বাছাই করে প্রার্থী নির্ধারণ করা হয়েছে। যৌক্তিক কারণেই এসব মন্ত্রী ও সাংসদকে বাদ দেওয়া হয়েছে। এ তালিকা এখন সংসদীয় বোর্ডের সভাপতি ছাড়া অন্য কেউ পরিবর্তন করতে পারবেন না।

দলটির নেতাদের দেওয়া তথ্যমতে, শারীরিক অসুস্থতার কারণে বর্তমান পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার নিজ আসন পাবনা-২ থেকে মনোনয়ন ফরমই কেনেননি। তাঁর আসনে মনোনয়ন পেয়েছেন বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল হক আরজু।

সিরাজগঞ্জ-৫ আসনের সাংসদ ছিলেন সাবেক মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস। স্থানীয় একজন তৃণমূল পর্যায়ের নেতা থেকে তাঁকে মন্ত্রী করা হয়েছিল। আওয়ামী লীগের স্থানীয় নেতাদের অভিযোগ, মন্ত্রী হওয়ার পর এলাকার কর্মকাণ্ডে তিনি ছিলেন অনুপস্থিত। তবে লতিফ বিশ্বাসকে বাদ দেওয়ার কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেননি আওয়ামী লীগের সংসদীয় বোর্ড। তাঁর পরিবর্তে সিরাজগঞ্জের জেলা পরিষদের প্রশাসক আবদুল মজিদ মণ্ডলকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আবদুল লতিফ বিশ্বাস প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমাকে বাদ দেওয়া হলো—এটা আমি বুঝতে পারছি না। নেত্রী আমাকে তৃণমূল থেকে এনে পাঁচ বছর মন্ত্রিত্ব করিয়েছেন। আমি এখন কী করব, সেটা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সিদ্ধান্ত নেব।’

পদ্মা সেতু দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ এবং জনবিচ্ছিন্নতার কারণে নিজ আসন যশোর-২ থেকে মনোনয়ন পাননি তথ্য ও প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ। তিনি ছিলেন সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের ঠিকাদারি প্রতিষ্ঠান সাঁকো ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক। তাঁর পরিবর্তে জেলার ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলামকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড। দলটির ভাষ্য, কর্মীদের সঙ্গে যাঁদের যোগাযোগ নেই, তাঁদের কখনোই মনোনয়ন দেওয়া হবে না।

দলের নেতা-কর্মীদের সঙ্গে দূরত্ব ও দলীয় কর্মসূচিতে অংশগ্রহণে অনীহার কারণে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার নিজ আসন নাটোর-২ থেকে মনোনয়ন পাননি। তাঁর জায়গায় মনোনয়ন পেয়েছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল।

শারীরিক অসুস্থতার কারণে সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ নিজ আসন হবিগঞ্জ-৪ থেকে মনোনয়ন পাননি। এই আসনে মনোনয়ন পেয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলী।

জনবিচ্ছিন্ন ও দলীয় কর্মসূচিতে সক্রিয় না থাকায় সাবেক বিদ্যুত্ প্রতিমন্ত্রী এনামুল হক নিজ আসন চাঁপাইনবাবগঞ্জ-১ আসন থেকে মনোনয়ন পাননি। তাঁর জায়গায় মনোনয়ন পেয়েছেন ঐতিহাসিক কানসাট আন্দোলনের নেতা গোলাম রব্বানি।

আর পদ্মা সেতু দুর্নীতির অভিযোগ এবং দলীয় কর্মকাণ্ডে সক্রিয় না থাকার কারণে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন নিজ আসন মাদারীপুর-৩ থেকে মনোনয়ন পাননি। এই আসনে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

যশোর-৩ মনোনয়ন পেয়েছেন কাজী নাবিল আহমেদ। বর্তমান সাংসদ খালেদুর রহমান টিটো, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজু ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের ত্রিমুখী দ্বন্দ্বে সেখানকার তৃণমূল নেতা-কর্মীরা দ্বিধাবিভক্ত। তাঁদের কাউকে মনোনয়ন দিলে দ্বন্দ্ব আরও প্রকট হওয়ার আশঙ্কা ছিল। অন্যদিকে, কাজী নাবিল আহমেদ নতুন মুখ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে তাঁকে বেছে নেওয়া হয়েছে দলীয় প্রার্থী হিসেবে।

পটুয়াখালী-৩ আসনের বিতর্কিত সাংসদ গোলাম মাওলা রনির পরিবর্তে মনোনয়ন পেয়েছেন আ খ ম জাহাঙ্গীর হোসাইন। এক-এগারো সরকারের সময়ে সংস্কারপন্থী হিসেবে পরিচিতি পাওয়ায় নবম সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পাননি জাহাঙ্গীর। তখন হঠাত্ করে নতুন মুখ হিসেবে নির্বাচন করে জয়ী হন রনি। তবে সাম্প্রতিক বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য দলের মনোনয়ন পাবেন না জেনেই রনি মনোনয়ন ফরম কেনেননি বলে দলের নেতা-কর্মীরা মনে করেন।

রানা প্লাজার মালিক রানাকে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় দেওয়া এবং গত পাঁচ বছরে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকায় ঢাকা-১৯ আসনের বর্তমান সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ বাদ পড়েছেন। এই আসনে মনোনয়ন পেয়েছেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. এনামুর রহমান।

আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সদস্যরা বলছেন, রানা প্লাজা দুর্ঘটনার সময় এনামুর রহমানের সেবামূলক কর্মকাণ্ড প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে। ফলে, মনোনয়ন দিয়ে আওয়ামী লীগ ভালো কাজের পুরস্কার দিয়েছে।

এ ছাড়া পরিবারের সদস্যদের জন্য আসন ছেড়ে দেওয়ায় মনোনয়ন দেওয়া হয়নি তানভীর শাকিল জয়ের বাবা মোহাম্মদ নাসিমকে (সিরাজগঞ্জ-১), নিলুফার জাফরউল্লাহর স্বামী কাজী জাফরউল্লাহকে (ফরিদপুর-৪), হাবিবুন্নাহার খালেকের স্বামী তালুকদার আবদুল খালেককে (বাগেরহাট-৩)।