যে কারণে ইলিশ নেই
জলবায়ুগত পরিবর্তন, নদীভরাট, পরিবেশদূষণ, প্রযুক্তির অপব্যবহার (ছোট ফাঁসের জালে মাছ ধরা) ও সুষ্ঠু নীতিমালার অভাবে বরিশালসহ দেশের দক্ষিণাঞ্চলে ভরা মৌসুমেও ইলিশ মিলছে না বলে বিশেষজ্ঞরা মনে করছেন।বিশেষজ্ঞদের মতে, কার্যকর ব্যবস্থা না নিলে আগামী ১০ বছর পর দক্ষিণাঞ্চলের ইলিশ ইতিহাসে লেখা থাকবে, বাস্তবে দেখা মিলবে না। প্রতিনিয়ত সমুদ্র ও মুক্ত জলাশয় থেকে মাছ যেভাবে শিকার করা হচ্ছে, তাতে মৎস্যসম্পদের এই বৃহৎ অঞ্চলে শুধু ইলিশ নয়, অন্যান্য জাতের মাছেরও দেখা মিলবে না। নদীর স্রোত কমে যাওয়া, নদীতে বাঁধ নির্মাণ ও নানা প্রতিবন্ধকতার কারণে প্রজননের মৌসুমে সাগর থেকে বড় বড় নদীর মোহনায় ইলিশ আসতে পারছে না। ফলে তারা দিক পরিবর্তন করছে।পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের কোর্স সমন্বয়ক সুলতান মাহমুদ প্রথম আলোকে বলেন, জলবায়ু বিশেষ করে তাপমাত্রার আধিক্যের কারণে ইলিশের মৌসুমেও পরিবর্তন ঘটেছে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাপমাত্রা ও লবণাক্ততা বৃদ্ধি, খাবারের অপর্যাপ্ততা, পানিদূষণ ইলিশ মাছের প্রজননকে ব্যাহত করছে।বরিশাল ব্রজমোহন কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান স্বপন কুমার দত্ত বলেন, ‘সবার আগে প্রয়োজন ছোট মাছ ধরার উপকরণ বন্ধ করা। তারপর পরিবেশ ও অন্যান্য বিষয়ের দিকে নজর দিতে হবে।’মৎস্য অধিদপ্তর, বরিশাল বিভাগের উপপরিচালক এ কে এম আমিনুল হক বলেন, ইলিশ মাছ যে অঞ্চলের মুক্ত জলাশয়ে ডিম ছাড়ে, ওই মাছের রেণু বড় হয়ে ওই অঞ্চলেই ডিম ছাড়তে আসে। কিন্তু পরিবেশ বিপর্যয় ও নদীভরাট করে বাঁধ নির্মাণ করার কারণে মাছের গতি পরিবর্তন হয়ে গেছে। নদীভরাট, জলবায়ুর পরিবর্তনের প্রভাবে আমাদের মুক্ত জলাশয় কমে গেছে। মৎস্যসম্পদ রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড, বন বিভাগ, কৃষি ও মৎস্য অধিদপ্তরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।