যে কারণে ঘন ঘন লোডশেডিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের দুটি বিদ্যুৎ বিতরণকেন্দ্রের মধ্যে একটিতে কম ধারণক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার থাকায় ঘন ঘন লোডশেডিংয়ের কবলে পড়ছেন ৩৬ হাজার গ্রাহক। ২২ বছর আগের ট্রান্সফরমার দিয়ে বর্তমান গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
রংপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র জানায়, নগরে বিদ্যুৎ বিতরণকেন্দ্র রয়েছে দুটি। এর মধ্যে নগরের শাপলা এলাকায় বিদ্যুৎ বিতরণকেন্দ্র-১ ও কটকিপাড়া এলাকায় বিতরণকেন্দ্র-২। এই দুই বিতরণকেন্দ্রের মাধ্যমে নগরে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়ে থাকে। ২৫ মেগাওয়াট করে ওই দুইটি কেন্দ্রে প্রতিদিন বিদ্যুতের চাহিদা ৫০ মেগাওয়াট। আর গ্রাহক আছেন প্রায় ৬৫ হাজার। এর মধ্যে দুই কেন্দ্রের মধ্যে বিতরণকেন্দ্র-১-এ গ্রাহক ৩৬ হাজার ও বিতরণকেন্দ্র-২-এ ২৯ হাজার।
বিদ্যুৎ বিতরণকেন্দ্র-২-এর নির্বাহী প্রকৌশলী গোলাম মতুর্জা জানান, এ বিতরণকেন্দ্রে উচ্চক্ষমতাসম্পন্ন ৪০ এমভিএ (মেগাভোল্ট অ্যাম্পায়ার)-এর দুটি ট্রান্সফরমার থাকায় এর আওতায় এলাকাগুলোর বিদ্যুৎ বিতরণে তেমন অসুবিধা হয় না। তবে ট্রান্সফরমারসহ কিছু কাজের জন্য মাঝেমধ্যে মাইকযোগে প্রচার চালিয়ে বন্ধ রাখা হয়।
বিদ্যুৎ বিতরণকেন্দ্র-১ কার্যালয় সূত্রে জানা যায়, এই কেন্দ্রে ২০ এমভিএ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার আছে। ১৯৯২ সালে এই ট্রান্সফরমার বসানো হয়। তার পর থেকে এটি দিয়েই কাজ চলছে। এর ফলে এর আওতাভুক্ত এলাকাগুলোয় প্রতি ঘণ্টায় লোডশেডিং হচ্ছে। মাহিগঞ্জ, সাতমাথা, খাসবাড়ি, নূরপুর, গুপ্তপাড়াসহ প্রায় ৩০টি এলাকার মানুষ এতে ভোগান্তি পোহাচ্ছে।
নগরের গুপ্তপাড়ার বাসিন্দা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সদরুল আলম বলেন, ‘এক বছর ধরে শুনে আসছি এ সমস্যা আর থাকবে না। কিন্তু ঠিক আর হয় না।’
নগরের কামালকাছনার ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলের ব্যবস্থাপনা পরিচালক সেরাফুল হোসেন বলেন, বিদ্যুৎ কখন আসবে আর কখন থাকবে না তা নিয়ে তাঁরা বেশ দুশ্চিন্তায় থাকেন।
বিদ্যুৎ বিতরণকেন্দ্র-১-এর নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের গণি বলেন, সমস্যার সমাধানে নগরের মাহিগঞ্জে আরও একটি ২০ এমভিএ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার নির্মিত হচ্ছে। কাজ প্রায় শেষের দিকে। এটি চালু হলে সমস্যা দূর হবে।