দুই লেনবিশিষ্ট সড়কে অতিরিক্ত গাড়ির চাপ, ঢাকার অভ্যন্তরে চলাচলকারী যানবাহন দূরপল্লায় চলতে গিয়ে পথে বিকল হয়ে যাওয়া, মহাসড়কের ওপর রেলক্রসিং ও অপরিকল্পিত গতিরোধক এবং রাস্তার কিছু অংশ খানাখন্দে ভরা থাকায় ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে।সরেজমিনে পরিদর্শনকালে পুলিশ, পরিবহনশ্রমিক, ভুক্তভোগী যাত্রী এবং রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে যানজটের এ কারণ জানা গেছে। ৩ নভেম্বর বৃহস্পতিবার রাত থেকে স্বজনদের সঙ্গে ঈদ করতে মানুষ ঢাকা ছাড়তে শুরু করে, আর ওই রাত থেকেই ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশের ৬৫ কিলোমিটারে যানজট শুরু হয়েছে। বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা সূত্র জানায়, সাধারণ অবস্থায় যেখানে প্রতিদিন পাঁচ থেকে সাত হাজার যানবাহন চলাচল করে, সেখানে ঈদ সামনে রেখে যানবাহন পারাপারের সংখ্যা দাঁড়িয়েছিল ২০ থেকে ২২ হাজার। অতিরিক্ত যানবাহনের চাপের কারণে দুই লেনবিশিষ্ট এ মহাসড়কে কোনো গাড়িই স্বাভাবিক গতিতে চলতে পারেনি। ফলে যানজটের সৃষ্টি হয়েছিল। এর মধ্যে অনেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে সিরিয়াল ভেঙে এলোমেলোভাবে সামনে এগোতে গিয়ে বিপরীত দিক থেকে আসা গাড়ি আটকে গেছে।পুলিশ সূত্র জানায়, ঈদে বাড়ি ফিরতে গিয়ে অনেক মানুষ বিশেষ করে, পোশাকশ্রমিকেরা ঢাকার অভ্যন্তরে চলাচলকারী বাস, মিনিবাস ভাড়া করে দূরবর্তী স্থানে যাত্রা করেন। দূরপাল্লার রোডে চলতে গিয়ে এ গাড়িগুলো অনেক ক্ষেত্রেই মহাসড়কে বিকল হয়ে যায়। এসব গাড়ি রাস্তা থেকে অপসারণ করতে যে সময় লেগেছে, তাতে যানজট তীব্র হয়। টাঙ্গাইলের ট্রাফিক পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, গত শুক্রবার এ মহাসড়কের টাঙ্গাইল অংশেই অন্তত ৫০টি গাড়ি বিকল হয়ে যায়। টাঙ্গাইল শহর বাইপাসের রাবনা থেকে এলেঙ্গা পর্যন্ত ১০ কিলোমিটার সড়কে বিকল হওয়া সাতটি গাড়ি পুলিশ বিভাগের রেকার দিয়ে অপসারণ করে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয় বলেও তিনি জানান। ঢাকা থেকে রংপুরগামী বাসের চালক আবদুল মান্নান জানান, এ সড়কের কালিহাতী উপজেলার রসুলপুর থেকে পৌলি পর্যন্ত দুই কিলোমিটার রাস্তার অবস্থা খুবই করুণ। খানাখন্দে ভরা সড়কের এই অংশটুকু খুব ধীরগতিতে পার হতে হয়েছে। এতে এই অংশের দুই পাশে সব সময় জট লেগে ছিল। এ মহাসড়কের টাঙ্গাইল অংশে এলেঙ্গা থেকে মির্জাপুরের গোড়াই পর্যন্ত অন্তত ২০টি অপরিকল্পিত গতিরোধক রয়েছে। এসব গতিরোধক অতিক্রম করতে গিয়ে যানবাহন বিশেষ করে, অতিরিক্ত মালবাহী ট্রাক বেশি সময় নিয়ে থাকে। এটাও যানজটের অন্যতম কারণ বলে জানালেন এ রুটের চালক আবদুল কদ্দুস মিয়া। এ সড়কের যানজটের অন্যতম প্রধান কারণ হচ্ছে মির্জাপুরের ধেরুয়াতে রেলক্রসিং। রেলওয়ের সূত্র জানায়, এ রেলপথে প্রতিদিন ১১টি ট্রেন ঢাকার দিকে যাওয়া-আসা করে। এ জন্য প্রতিদিন ২২ বার ফটক বন্ধ করতে হয়।বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সংকেত ও টেলিযোগাযোগ) বেনুরঞ্জন সরকার জানান, প্রতিটি ট্রেন অতিক্রম করার সময় গড়ে ১০ মিনিট গেট বন্ধ রাখতে হয়। সে হিসেবে প্রতিদিন প্রায় সাড়ে তিন ঘণ্টা মহাসড়ক বন্ধ থাকে। আর এতে যানজট লেগে যায়। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ বলেন, পুলিশ বিভাগের সর্বস্তরের কর্মকর্তারা যানজট নিরসনে মহাসড়কে রাত-দিন দায়িত্ব পালন করেন। কিন্তু ধারণার চেয়েও অতিরিক্ত যানবাহন চলাচল করায় এ অবস্থার সৃষ্টি হয়।