যে কারণে পেঁয়াজের বাজার অস্থির
পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর পাইকারি সবজি হাটে ২৬ ডিসেম্বর রোববার পেঁয়াজ বেচাকেনা হয়েছে মণপ্রতি এক হাজার ১০০ থেকে এক হাজার ২০০ টাকা। মাত্র দুই দিনের ব্যবধানে ওই হাটসহ পাবনার অন্যান্য হাটে পেঁয়াজের দাম বেড়েছে দেড় গুণেরও বেশি। গতকাল মঙ্গলবার বেড়া উপজেলার করমজা ও সাঁথিয়ার বনগ্রাম হাটে এক হাজার ৭০০ থেকে এক হাজার ৮০০ টাকা মণ দরে পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে। বেশি দাম পাওয়ার আশায় কৃষকেরা জমি থেকে উত্তোলন কমিয়ে দেওয়ায় বাজারে পেঁয়াজের সরবরাহ কমে গেছে। আর এ কারণে পেঁয়াজের দাম এমন বেড়েছে বলে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা। দাম হঠাৎ এমন বেড়ে যাওয়ায় লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা পেঁয়াজ কেনা কমিয়ে দিয়েছেন।জানা যায়, পাবনার সুজানগর, সাঁথিয়া ও বেড়া উপজেলা নিয়ে গড়ে উঠেছে দেশের প্রধান পেঁয়াজ উৎপাদনকারী এলাকা। এর মধ্যে সুজানগর বর্তমানে দেশের সর্বোচ্চ পেঁয়াজ উৎপাদনকারী উপজেলা। তিন উপজেলায় প্রতিবছর গড়ে তিন লাখ মেট্রিক টনেরও বেশি পেঁয়াজ উৎপন্ন হয় বলে সংশ্লিষ্ট কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে। বেড়ার করমজা, সাঁথিয়ার কাশীনাথপুর, বনগ্রাম প্রভৃতি স্থানে গড়ে উঠেছে দেশের অন্যতম পেঁয়াজ বেচাকেনার হাট। হাটবারে এই স্থানগুলো থেকে হাজার হাজার মণ পেঁয়াজ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যায়। এলাকার কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সেখানকার কৃষকেরা দুই ধরনের পদ্ধতিতে পেঁয়াজের চাষ করে থাকেন। বর্তমানে কৃষকেরা যে পদ্ধতিতে পেঁয়াজ চাষ করেছেন, তাকে ‘মুড়িকাটা’ পদ্ধতি বলা হয়। সপ্তাহ দুই হলো এই পদ্ধতিতে চাষ করা পেঁয়াজ কৃষকদের ঘরে উঠতে শুরু করেছে। কৃষক ও ব্যবসায়ীরা জানান, আট থেকে ১০ দিন আগে বাজারে পেঁয়াজের দাম হঠাৎ করেই বাড়তে থাকে। ২৩ ডিসেম্বরের পর থেকে আবার তা কমতে থাকে। ২৫ ডিসেম্বর পেঁয়াজের দাম আগের দামে এসে দাঁড়ায়। এই সময়ের মধ্যে যেসব ব্যবসায়ী হাট থেকে পেঁয়াজ কিনেছিলেন তাঁরা মোটা অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েন। এদিকে সোমবার থেকে বাজারে পেঁয়াজের দাম আবারও বাড়তে থাকে। গতকাল মঙ্গলবার বেড়ার করমজা হাটসহ পাবনার কয়েকটি পাইকারি সবজি হাটে প্রতিমণ এক হাজার ৬০০ থেকে এক হাজার ৮০০ টাকা মণ দরে বেচাকেনা হতে দেখা গেছে। মাত্র দুই দিনের ব্যবধানে পেঁয়াজের বাজার আবারও চড়তে থাকায় কৃষকদের খুশি হতে দেখা গেলেও ব্যবসায়ীরা আতঙ্কে পড়েছেন। গতকাল সরেজমিন করমজা হাটে গিয়ে অন্যান্য হাটবারের তুলনায় পেঁয়াজের আমদানি বেশ কম লক্ষ্য করা গেছে। ব্যবসায়ী সানাউল্লাহ বলেন, ‘১০ থেকে ১২ দিন আগে পেঁয়াজের দাম ব্যাপক বেড়ে যাওয়ায় তখন কৃষকেরা হুড়োহুড়ি করে জমি থেকে পেঁয়াজ তুলে বাজারে আনতে শুরু করেন। এতে বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দাম পড়ে যায়। তখন আমার প্রায় ৫০ হাজার টাকা লস হয়। এদিকে বাজার পড়ে যাওয়ায় কয়েক দিন ধরে কৃষকেরা জমির পেঁয়াজ উত্তোলন কমিয়ে দিয়েছেন। ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ায় পেঁয়াজের দাম আবারও বাড়তে শুরু করেছে।’ বেড়ার বনগ্রামের পেঁয়াজ ব্যবসায়ী আবু সাঈদ বলেন, ‘পেঁয়াজের বাজার এখন চরম অস্থির হওয়ায় ভয়ে গতকাল মঙ্গলবার পেঁয়াজ না কিনেই ফিরে যাচ্ছি। তা ছাড়া বাজারে পেঁয়াজের আমদানিও বেশ কম।’