যে কারণে বিদ্যালয়ের কেউ পাস করেনি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের সাইয়াউক সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে কোনো শিক্ষার্থীই পাস করেনি। ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ২৫ শিক্ষার্থীর মধ্যে নয়জন শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছিল।জানতে চাইলে সাইয়াউক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফার ইয়াছমিন বলেন, ‘বিদ্যালয়ের উপবৃত্তির টাকা নিয়ে পরিচালনা কমিটির দ্বন্দের জের ধরে এ বছর গ্রামে খুনোখুনি হয়েছে। গ্রামের প্রায় ৮০ শতাংশ মানুষ এখনো বাড়িছাড়া। সে কারণে বছরজুড়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে পারেনি। শুধু আমরা তিনজন শিক্ষক বিদ্যালয়ে এসেছি আর গেছি।’প্রসঙ্গত, ওই হত্যাকাণ্ডের জের ধরে সাইয়াউক গ্রামে লুটতরাজ নিয়ে ৪ ডিসেম্বর প্রথম আলোয় ‘হামলা ও লুটপাটে গোটা গ্রাম লন্ডভন্ড’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীনুল ইসলাম মজুমদার বলেন, ‘পরিস্থিতির উন্নতিকল্পে আমরা শিগগির উদ্যোগ নেব।’