গাজীপুর সাফারি পার্ক
যে কারণে সংকটে আফ্রিকান প্রাণী
গত আড়াই মাসে ১১টি জেব্রা, ১টি করে বাঘ, সিংহী ও লেমুর মারা গেছে। সব কটিই আফ্রিকান।
গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে মৃত প্রাণীদের মধ্যে আফ্রিকান প্রাণীর সংখ্যাই বেশি। বিশেষজ্ঞরা বলছেন, আফ্রিকায় প্রাণীগুলো যে পরিবেশে থাকে, তা নিশ্চিত করতে পারছে না পার্ক কর্তৃপক্ষ। এ কারণেই মৃত্যুর সংখ্যা বেশি।
দেশে দুটি সাফারি পার্ক রয়েছে। একটি কক্সবাজারের ডুলাহাজারায়, অপরটি গাজীপুরের শ্রীপুরে। শ্রীপুরের পার্কটিতে গত আড়াই মাসে ১১টি জেব্রা, ১টি বাঘ ও একটি সিংহীর মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ২৫ ফেব্রুয়ারি মারা গেছে ১টি লেমুর। এই ১৪টি প্রাণীর সব কটিই আফ্রিকান।
৫৬টি প্রাণীর মধ্যে ৩২টিই ছিল আফ্রিকান। এর মধ্যে সাতটি জেব্রা, দুটি আফ্রিকান সিংহ, তিনটি আফ্রিকান সাদা সিংহ, দুটি কমন ইল্যান্ড, একটি জিরাফ, সাতটি অরিক্স, চারটি ব্ল্যাক ওয়াইল্ডবিস্ট, একটি ব্লু ওয়াইল্ডবিস্ট, তিনটি ব্লেসবক ও দুটি আলপাকা। বাকিগুলো এশিয়া, অস্ট্রেলিয়া, সাইবেরিয়াসহ পৃথিবীর অন্যান্য অঞ্চলের এবং এগুলোর অধিকাংশই পাখিজাতীয় প্রাণী। আইএমইডির প্রতিবেদনে এই মৃত্যুর হারকে ‘উদ্বেগজনক’ বলে উল্লেখ করা হয়েছে।
সাম্প্রতিক সময়ই যে কেবল পার্কটিতে আফ্রিকান প্রাণী বেশি মারা যাচ্ছে, তা নয়। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্পের ওপর ২০১৬ সালের জুনে দেওয়া পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) দেওয়া একটি নিবিড় পরিবীক্ষণ প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৩ সালের জুলাই থেকে ২০১৬ সালের এপ্রিল পর্যন্ত সময়ে এই পার্কে অন্তত ৫৬টি প্রাণীর মৃত্যু হয়।
৫৬টি প্রাণীর মধ্যে ৩২টিই ছিল আফ্রিকান। এর মধ্যে সাতটি জেব্রা, দুটি আফ্রিকান সিংহ, তিনটি আফ্রিকান সাদা সিংহ, দুটি কমন ইল্যান্ড, একটি জিরাফ, সাতটি অরিক্স, চারটি ব্ল্যাক ওয়াইল্ডবিস্ট, একটি ব্লু ওয়াইল্ডবিস্ট, তিনটি ব্লেসবক ও দুটি আলপাকা। বাকিগুলো এশিয়া, অস্ট্রেলিয়া, সাইবেরিয়াসহ পৃথিবীর অন্যান্য অঞ্চলের এবং এগুলোর অধিকাংশই পাখিজাতীয় প্রাণী। আইএমইডির প্রতিবেদনে এই মৃত্যুর হারকে ‘উদ্বেগজনক’ বলে উল্লেখ করা হয়েছে।
আফ্রিকান প্রাণীর মৃত্যুর সংখ্যা বেশি কেন—জানতে চাইলে বঙ্গবন্ধু সাফারি পার্কের প্রকল্প পরিচালক মোল্লা রেজাউল করিম কথা বলতে অপারগতা প্রকাশ করেন। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামও কোনো মন্তব্য করতে রাজি হননি।
দুবাই সিটি করপোরেশনের বন্য প্রাণিবিষয়ক পরামর্শক রেজা খান প্রথম আলোকে বলেন, যে পরিবেশে আফ্রিকান প্রাণীগুলো থাকে, তা এখানে মোটামুটি দেওয়া গেলে অস্বাভাবিক মৃত্যু কমতে পারে। এ জন্য তিনি আফ্রিকা থেকে বিশেষজ্ঞ নিয়োগ দেওয়ার পরামর্শ দেন।
রেজা খান বলেন, ‘বিদেশি প্রাণী আমাদের দেশে আনার উপযুক্ত নয়। আফ্রিকান প্রাণীগুলো সাভানা প্রান্তরে থাকে। এটা বনও না, মরুভূমিও না। তাদের জন্য সেই ধরনের পরিবেশ তৈরি করতে হবে।’
দিতে হবে তাদের নিজস্ব খাবার
আফ্রিকার সাভানা প্রান্তরে লতাগুল্মজাতীয় প্রচুর ঘাস জন্মে। জেব্রা, জিরাফ, কমন ইল্যান্ডসহ আফ্রিকার তৃণভোজী প্রাণীগুলো সেসব খেয়ে বেড়ে ওঠে। কিন্তু গাজীপুরের সাফারি পার্কে তৃণভোজী এসব প্রাণী রাখা হয়েছে শালবনে। শালগাছ উঁচু হওয়ায় তা জিরাফ ছাড়া অন্য প্রাণীর নাগালের বাইরে। শালগাছের বাইরেও কিছু লতাপাতা জন্মায়, তবে সেসবের সঙ্গে আফ্রিকার প্রাণীগুলো অপরিচিত ও অপর্যাপ্ত। এ পার্কের পরিকল্পনায় তৃণভূমি তৈরির কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি।
বিদেশি প্রাণী আমাদের দেশে আনার উপযুক্ত নয়। আফ্রিকান প্রাণীগুলো সাভানা প্রান্তরে থাকে। এটা বনও না, মরুভূমিও না। তাদের জন্য সেই ধরনের পরিবেশ তৈরি করতে হবেরেজা খান, দুবাই সিটি করপোরেশনের বন্য প্রাণিবিষয়ক পরামর্শক
পার্কে তৃণভোজী প্রাণী জেব্রা, জিরাফ, কমন ইল্যান্ড যে জায়গায় রাখা হয়েছে, সেখানে শালগাছ ছাড়াও বিভিন্ন লতাপাতা জন্মায়। এসব লতাপাতা বা খাবারের সঙ্গে পরিচিত নয় আফ্রিকান প্রাণীগুলো।
রেজা খান বলেন, ‘আমাদের দেশের প্রাণীর জন্য যেটা খাবার, আফ্রিকার প্রাণীর জন্য সেটা বিষ হতে পারে। শালবাগানে ছেড়ে দিলে ওই গাছের পাতায়, কাণ্ডে ও বোঁটায় যেসব উপাদান আছে, সেগুলো আফ্রিকান প্রাণীগুলো খেতে পারবে কি না, তা জানতে হবে। যে গাছে প্রাণীর ক্ষতি হবে, সেই গাছ সরাতে হবে। তারপর সেখানে এগুলোকে ছাড়তে হবে।’
জানা গেছে, বঙ্গবন্ধু সাফারি পার্কে সম্প্রতি মারা যাওয়া ১১টি জেব্রাকে কচি ঘাস খেতে দেওয়া হচ্ছিল। তাতে নাইট্রেটের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। নাইট্রেট বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ায় জেব্রাগুলোর রোগ প্রতিরোধক্ষমতা কমে যায় এবং শরীরে থাকা ব্যাকটেরিয়ার সংক্রমণে সেগুলো মারা যায়।
৬ মার্চ সরেজমিন দেখা যায়, জেব্রাসহ তৃণভোজী প্রাণীগুলোকে ভুট্টাঘাস খাওয়ানো হচ্ছে। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, প্রাণীগুলো অভুক্ত, তাদের যা দেওয়া হবে, তা–ই খাবে। একই ধরনের খাবারে অনীহা সত্ত্বেও তা খায় প্রাণীগুলো।
চিড়িয়াখানার মতো বঙ্গবন্ধু সাফারি পার্কেও শকুন, ম্যাকাউ, প্যারট, ময়ূর ইত্যাদি বন্দী করে রাখা হয়েছে। এ ছাড়া বিভিন্ন প্রজাতির প্রজাপতিও খাঁচায় বন্দী দেখা গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি প্রাণী যেসব খাবার খায়, তাদের সেই খাবারই দিতে হবে। সেসব খাবার দেশে উৎপাদন করতে হবে, অথবা বিদেশ থেকে আনতে হবে। তারা যে খাবার যতটা খায়, সে অনুযায়ী দিতে হবে।
বন্য প্রাণী বিশেষজ্ঞ রেজা খান বলেন, আফ্রিকান অঞ্চলে যে মাটিতে প্রাণীদের বাস, তা পাথরের মতো। সেই মাটি থেকে আফ্রিকান প্রাণী মিনারেল সংগ্রহ করে। আফ্রিকান প্রাণী মাটি থেকে যেসব মিনারেল নিয়ে থাকে, সেগুলো দিতে হবে, প্রয়োজনে তা আলাদাভাবে দিতে হবে।
তদন্ত কমিটি গঠনের পর বঙ্গবন্ধু সাফারি পার্কে ১৩টি প্রাণীর মৃত্যুর কারণ জানতে পারে কর্তৃপক্ষ। অসুখে মারা যাওয়ার পর কারণ উঠে আসা ‘ন্যক্কারজনক’ বলে মন্তব্য করেন রেজা খান। তিনি বলেন, পার্কে মানসম্মত ব্যবস্থাপনা পদ্ধতি (এসওপি) প্রটোকল থাকতে হবে। এসওপি অনুযায়ী, নিয়মিত সব প্রাণীর প্রস্রাব, পায়খানা, রক্ত, চামড়া পরীক্ষা করতে হবে। তাহলেই বোঝা যাবে, প্রাণীগুলোর কোনো সমস্যা হচ্ছে কি না।
মাইকিং, গাড়ি, ময়লা
জেব্রা, বাঘ, সিংহ প্রভৃতি প্রাণী সংরক্ষিত থাকে কোর সাফারি পার্কে। ইজারাদার প্রতিষ্ঠান দর্শনার্থীদের টিকিট কাটার জন্য মাইকিং করে। সাফারি পার্কের ভেতর মাইকিং করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা।
দর্শনার্থীদের কোর সাফারি দেখানোর জন্য মোট আটটি বাস রয়েছে। পার্কের ভেতর যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও এই বাসগুলো প্রতিনিয়ত চলে। অনবরত এই চলাচলও প্রাণীর জন্য হুমকি। বিভিন্ন ইজারাদার ও বন বিভাগের কর্মীদেরই সাফারি পার্কের ভেতর মোটরসাইকেল নিয়ে চলাচল করতে দেখা যায়।
সাফারি পার্কের ভেতর যত্রতত্র ময়লার স্তূপও দেখা গেছে।
গাজীপুরের এই সাফারি পার্কে শালবন কেটে দৃষ্টিনন্দন দুটি রেস্টহাউস নির্মাণ করা হয়েছে। ভিআইপি ছাড়া এখানে সাধারণ মানুষ রাতযাপন করতে পারে না। সেই সঙ্গে এখানে ডিজিটাল বিনোদন কেন্দ্র ‘নাইন ডি’ রয়েছে। রেস্টহাউস ও নাইন ডির ব্যবস্থা থাকা সাফারি পার্কের ধারণার সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন সংশ্লিষ্টরা।
চিড়িয়াখানার মতো বঙ্গবন্ধু সাফারি পার্কেও শকুন, ম্যাকাউ, প্যারট, ময়ূর ইত্যাদি বন্দী করে রাখা হয়েছে। এ ছাড়া বিভিন্ন প্রজাতির প্রজাপতিও খাঁচায় বন্দী দেখা গেছে।
স্থানীয় অনেকের ভাষ্য, সাফারি পার্ক করে শালবনের ক্ষতি হয়েছে। জঙ্গল কমেছে। বনের মধ্যে দেয়াল উঠেছে, ভবন উঠেছে।
দোয়া ছাড়া কোনো পথ নেই
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্পের মেয়াদ গত বছরের ডিসেম্বরে শেষ হয়। তারপর নতুন করে আবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ানো হচ্ছে। যে ব্যয় বাড়ছে, তা খরচ হবে রাস্তা নির্মাণে। বর্তমান জনবলের বেতনভাতা ও প্রাণীর খাবারদাবার ছাড়া অন্যান্য বরাদ্দ গত ডিসেম্বর থেকে বন্ধ হয়ে গেছে। ফলে কোনো প্রাণী হঠাৎ অসুস্থ হলে তার চিকিৎসার জন্য কোনো বরাদ্দ নেই।
এ বিষয়ে পার্কের এক দায়িত্বশীল কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে বলেন, ‘হঠাৎ প্রাণী অসুস্থ হলে দোয়া করা ছাড়া কোনো পথ নেই।’