যে কোনো মূল্যে 'গণতন্ত্র হত্যা দিবস' পালনের আহ্বান বিএনপির
কাল সোমবার যে কোনো মূল্যে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনের মাধ্যমে ক্ষমতাসীনদের ‘স্বেচ্ছাচারিতার উপযুক্ত জবাব’ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এই আহ্বান জানান। তবে মির্জা ফখরুল কোথায় আছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তাঁর মোবাইল ফোন বন্ধ রয়েছে। উত্তরায় তাঁর বাসার সামনেও পুলিশ মোতায়েন করা আছে।
বিএনপির সহদপ্তর সম্পাদক আব্দুল লতিফের সই করা এই বিবৃতিতে মির্জা ফখরুল অভিযোগ করেন, শনিবার রাত থেকেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানে তাঁর রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। নেতা-কর্মীদের তাঁর কার্যালয়ের ধারে কাছেও ঘেঁষতে দেওয়া হচ্ছে না।
মির্জা ফখরুল বলেন, ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিএনপি ও ২০ দল সারা দেশে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে। দেশের গণতন্ত্রকামী মানুষ এ কর্মসূচিতে অংশ নিয়ে স্বৈরশাসন অবসানে উন্মুখ হয়ে আছে। এ পরিস্থিতিতে ক্ষমতাসীনরা ভীত হয়ে সারা দেশে গ্রেপ্তার ও হয়রানির তাণ্ডব শুরু করেছে।
ঢাকাসহ সারা দেশে ২০-দলীয় জোটের নেতা-কর্মীরা ছাড়াও দেশপ্রেমিক সব শক্তিকে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।