যে ক্ষতির হিসাব নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি ব্যাংক হাবিব ব্যাংকের কর্মকর্তা গোলাম ফয়সাল আহমেদ। রাজধানীর মিরপুর সাংবাদিক কলোনিতে থাকেন। কর্মস্থল পুরান ঢাকার নয়াবাজার। বাসে আসা-যাওয়া করেন। প্রতিদিনের অফিসের মতোই যানজটে পড়াও তাঁর একটি ‘নিয়মিত কাজে’ পরিণত হয়েছে।
গোলাম ফয়সাল আহমেদ প্রথম আলোকে বলেন, সাধারণত তাঁর অফিস থাকে সকাল ১০টায়। কিন্তু সকাল সাতটার মধ্যে ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার প্রস্তুতি নিতে হয়। বাসা থেকে বের হন সকাল সোয়া আটটায়। ১০টা বা এর ৫-১০ মিনিট পরে পৌঁছান। এই রোজার সময় অফিস সাড়ে নয়টায় বলে তাঁকে পৌনে আটটায় বাসা থেকে বের হতে হয়।
ফেরার যন্ত্রণা আরও বেশি। গোলাম ফয়সাল আহমেদ বলেন, অফিস থেকে বাসায় ফিরতে দুই থেকে সাড়ে তিন ঘণ্টা সময় লাগে। তিনি বলেন, ‘যানজট পেরিয়ে অফিসে পৌঁছে আসলে কাজের জন্য সতেজ মনটা থাকে না। আবার ঘণ্টার পর ঘণ্টা যানজট পেরিয়ে বাসায় ফিরেও অন্য কিছু করতে ইচ্ছে করে না।’
রাসেল আহমেদ শেওড়াপাড়ার একটি বায়িং হাউসে চাকরি করেন। তাঁর অফিস শুরু হয় সকাল নয়টায়। কিন্তু তিনি সকাল সাড়ে সাতটার মধ্যেই মাতুয়াইলের বাসা থেকে রওনা দেন। এত আগে রওনার কারণ সম্পর্কে তিনি বলেন, সকাল সাড়ে সাতটায় বেরোলে ৩০-৩৫ মিনিটের মধ্যেই অফিসে পৌঁছাতে পারেন। কিন্তু আটটায় বেরোলে আর নয়টার মধ্যে অফিসে পৌঁছানো যায় না। কারণ, এ সময় কমপক্ষে এক ঘণ্টা যানজটে আটকে পড়তে হয়। তবে ফেরার সময় তিনি ধরেই নিয়েছেন দুই ঘণ্টা লাগবেই।
রাসেল আহমেদ বলেন, তিনি আগে অফিস থেকে ফিরে মেয়েকে পড়াতেন। যানজটের কারণে এখন তিন হাজার টাকা খরচ করে গৃহশিক্ষক রেখেছেন।