যে ক্ষমতায় থাকে, সে-ই অধিকারকে হয়রানি করে

যে দল যখন ক্ষমতায় থাকে, সে দল তখন অধিকারকে হয়রানি করে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বিরোধী দলে থাকাকালীন অধিকারের তথ্য ব্যবহার করেছে। এখন অধিকারের তথ্য ব্যবহার করছে বিএনপি। আজ মানবাধিকার সংস্থা অধিকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
সংস্থাটি অভিযোগ করেছে, অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানকে বেআইনিভাবে আটক করে, রিমান্ডে নিয়ে এবং জেলে পাঠিয়ে সরকার প্রমাণ করেছে, মানবাধিকার সংস্থা ও এর কর্মীদের প্রতি সরকারের বিন্দুমাত্র শ্রদ্ধা নেই। অধিকার কার্যালয় ও এর কর্মীরা গোয়েন্দা নজরদারিতে আছে বলেও সংস্থাটি জানিয়েছে।
অধিকার বলছে, ‘মানবাধিকারের পক্ষে সোচ্চার হওয়ার জন্য প্রতিটি সরকারের আমলে রাষ্ট্র কর্তৃক হয়রানির শিকার হয়েছে অধিকার। তবু অধিকার তার দায়িত্ব পালনে পিছপা হয়নি। বর্তমানের আওয়ামী লীগ সরকার বিরোধী দলে থাকাকালে অধিকারের মানবাধিকার লঙ্ঘনসংক্রান্ত তথ্য, উপাত্ত, প্রতিবেদন সংগ্রহ করে তাদের কাজে লাগিয়েছে। ২০০৬-০৭ সালে মাইনাস টু ফর্মুলার মাধ্যমে দুই নেত্রীকে অসাংবিধানিক প্রক্রিয়ায় জেলবন্দি করলে অধিকার তার প্রতিবাদ করে। কারণ, অধিকার গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতা হস্তান্তরে বিশ্বাস করে। বর্তমানে বিরোধী দলও অধিকারের তথ্য-উপাত্ত ও তথ্যানুসন্ধানী প্রতিবেদন তাদের কাজে লাগাচ্ছে। এই থেকে এটিই প্রতীয়মান হয়, অধিকারের তথ্য-উপাত্ত দলমত-নির্বিশেষে রাজনৈতিক দলগুলোর কাছে গ্রহণযোগ্য।’
সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সমালোচনা করেছে অধিকার। সংস্থাটি বলছে, হাসানুল হক ইনু হেফাজতে ইসলামের ৫ ও ৬ মের সমাবেশকে কেন্দ্র করে অধিকারের প্রতিবেদন প্রকাশের পর থেকে অপপ্রচার চালাচ্ছেন। কিন্তু আদিলুর রহমান খান ছাত্রজীবনে সরাসরি বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি ছাত্রলীগের (জাসদ) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন ও পরবর্তী সময় মুন্সিগঞ্জ জেলার আহ্বায়ক ছিলেন। জাসদের সভাপতি হাসানুল হক ইনু অধিকারের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বলেও জানায় সংস্থাটি।
প্রতিবেদন তৈরির ক্ষেত্রে অধিকার ফটোশপের কারসাজির আশ্রয় নিয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে অভিযোগ করেছে, তাকেও প্রত্যাখ্যান করেছে অধিকার। একটি দৈনিকে সম্প্রতি ‘অধিকারের নিহত ছাত্র সোহেল এখন উজানীতে ক্লাস করছে’ শিরোনামে প্রকাশিত খবর প্রসঙ্গে সংস্থাটি বলছে, নিহত ৬১ জনের তালিকায় এই নাম নেই।
সংবাদ বিজ্ঞপ্তিতে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, যেটির খসড়া গত সোমবার অনুমোদিত হয়েছে, সেটি সংস্থাটির গ্রেপ্তার হওয়া সম্পাদকের বিরুদ্ধে ব্যবহার হতে পারে। সংস্থাটি বলছে, বিরূপ পরিস্থিতির কারণে প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো অধিকার মাসিক বুলেটিন প্রকাশ করতে পারছে না।