যে ক্ষমতায় থাকে, সে-ই অধিকারকে হয়রানি করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে দল যখন ক্ষমতায় থাকে, সে দলই মানবাধিকার সংস্থা অধিকারকে হয়রানি করে বলে অভিযোগ করেছে বেসরকারি এই সংস্থাটি। গতকাল শনিবার এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়।
বিবৃতিতে দাবি করা হয়, ক্ষমতাসীন আওয়ামী লীগ বিরোধী দলে থাকাকালে অধিকারের মানবাধিকার লঙ্ঘনসংক্রান্ত তথ্য, উপাত্ত ও প্রতিবেদন সংগ্রহ করে তাদের কাজে লাগিয়েছিল। বর্তমানে বিরোধী দল বিএনপিও অধিকারের তথ্য-উপাত্ত ও তথ্যানুসন্ধানী প্রতিবেদন তাদের কাজে লাগাচ্ছে। ২০০৭-০৮ সালে দুই নেত্রীকে অসাংবিধানিক প্রক্রিয়ায় জেলবন্দী করলে অধিকার তার প্রতিবাদ করে। এতে বলা হয়, অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানকে বেআইনিভাবে আটক করে, রিমান্ডে নিয়ে ও জেলে পাঠিয়ে সরকার প্রমাণ করেছে, মানবাধিকার সংস্থা ও এর কর্মীদের প্রতি সরকারের শ্রদ্ধা নেই। অধিকারের কার্যালয় ও এর কর্মীরা গোয়েন্দা নজরদারিতে আছেন বলেও সংস্থাটি অভিযোগ করেছে। সংস্থাটির আশঙ্কা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন অধিকারের সম্পাদকের বিরুদ্ধে ব্যবহার হতে পারে।
বিবৃতিতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সমালোচনা করে বলা হয়েছে, জাসদের সভাপতি হাসানুল হক ইনু অতীতে অধিকারের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। একসময় আদিলুর রহমান খানও জাসদের রাজনীতি করতেন।
অন্যদিকে প্রতিবেদন তৈরির ক্ষেত্রে অধিকার ফটোশপের কারসাজির আশ্রয় নিয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগও প্রত্যাখ্যান করেছে সংস্থাটি। একটি দৈনিকে সম্প্রতি ‘অধিকারের নিহত ছাত্র সোহেল এখন উজানীতে ক্লাস করছে’ শিরোনামে প্রকাশিত খবর প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, নিহত ৬১ জনের তালিকায় এই নাম নেই। আট পৃষ্ঠার বিবৃতিতে বলা হয়, বিরূপ পরিস্থিতির কারণে প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো অধিকার মাসিক বুলেটিন প্রকাশ করতে পারছে না।