
দেড় কাঠা জমির ওপর টিনের ঘর। পরিপাটি এ ঘরে শোয়ার জন্য রয়েছে চৌকি। বসার জন্য আছে কাঠের চেয়ার। রয়েছে সৌরবিদ্যুতের সুবিধাও। তিন ছেলেকে নিয়ে এখন বেশ ভালোই চলছে পুতুল বেগমের সংসার।
বললেন, ‘সিডরে ঘর হারালাম। এক মাসের মধ্যে স্বামী মারা গেলেন। কোথায় থাকব, কী খাব, এমন চিন্তা আমাকে চেপে ধরছিল। তখন প্রথম আলো আমাকে মাথা গোঁজার জন্য ঘর তুলে দেয়। চার শিশুসন্তান নিয়ে থাকার জায়গা পেয়েছিলাম। এখন ভালো আছি। একমাত্র মেয়ে আমেনা বেগমের বিয়ে হয়ে গেছে। বড় ছেলে আবদুল জলিল ফকির রিকশাভ্যান চালিয়ে সংসারের হাল ধরেছে। ছোট দুই ছেলে জসিম ফকির ও জহির ফকির স্কুলে পড়ছে।’
এ সেই পুতুল বেগম, যার সব শেষ করে দিয়েছিল ২০০৭ সালের ১৫ নভেম্বরের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর। তখন গভীর রাত। স্বামী-সন্তানদের নিয়ে বেড়িবাঁধের ওপর ঝুপড়ি ঘরে ছিলেন পুতুল। জলোচ্ছ্বাসে ঘরটি ভেসে যায়। গাছের ডাল আঁকড়ে ধরে তিনি স্বামী আর চার সন্তান নিয়ে প্রাণে বেঁচে যান। তবে ঝড়ের রাতে ভয় পেয়ে বিকারগ্রস্ত হয়ে পড়েন পুতুলের স্বামী নাসির ফকির। তিনি ‘আগুন আইছে’ বলে সারাক্ষণ চিৎকার করতেন। লোকে তাঁকে ‘সিডর পাগলা’ বলে ডাকতেন। কয়েকবার আত্মহত্যার চেষ্টা করায় নাসিরকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। সিডরের পর এক মাস না পেরোতেই একদিন ছাড়া পেয়ে তিনি গাছের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। চার শিশুসন্তান নিয়ে অকূল পাথারে পড়েন পুতুল। দেশি-বিদেশি গণমাধ্যমে এ খবর ছাপা হয়। তখন প্রথম আলো অসহায় পরিবারটির পাশে দাঁড়ায়। দেড় কাঠা জমি কিনে টিনের ঘর তুলে দেওয়া হয়। ওই ঘরেই সন্তানদের নিয়ে বাস করছেন পুতুল।
পুতুলের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার খেজুরবাড়িয়া গ্রামে। বলেশ্বর নদ-তীরবর্তী এ গ্রামে ৭ নভেম্বর সকালে যখন এ প্রতিবেদক যান, তখন বাড়িতেই ছিলেন পুতুল ও তাঁর ছোট ছেলে জহির। খবর পেয়ে ছুটে আসে বড় ছেলে জলিলও। মেজোটার খোঁজ পাওয়া গেল না। বাড়িতে হাঁস-মুরগি পালছেন পুতুল। সব খানে আর্থিক সচ্ছলতার চিহ্ন স্পষ্ট।
পুতুল বেগম বললেন, ‘আমার স্বামী যখন মারা যান তখন মেয়ে আমেনার বয়স ১০ বছর। ছেলে আবদুল জলিলের ৭, জসিমের ৫ আর জহিরের ২ বছর। সড়কে মাটির কাজ করে সংসার চালিয়েছি। কষ্ট করে সন্তানদের বড় করছি। বড় ছেলেটাকে পড়াতে পারলাম না। এখন ছোট দুটো পড়াশোনা করে মানুষের মতো মানুষ হোক, এটাই চাওয়া।’