চট্টগ্রামে নাগরিক সমাবেশে অধ্যাপক আনিসুজ্জামান
যে চেতনায় বাংলাদেশ হয়েছিল সেই চেতনা রক্ষা করতে হব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, ‘যখন কাবা শরিফের গিলাফ নিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়, যখন সাঈদীর ছবি চাঁদে দেখা গেছে বলে প্রচার করা হয়, যখন মসজিদের মাইক দিয়ে মিথ্যাচার করা হয়, তখন ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে না। ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে তাদের কথায়, যারা যুদ্ধাপরাধীদের বিচার চায়।’গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের জে এম সেন হল মিলনায়তনে অনুষ্ঠিত ‘রুখে দাঁড়াও বাংলাদেশ’ শীর্ষক নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। আলোচনায় অংশ নেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মানবাধিকারকর্মী সুলতানা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম এম আকাশ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী, মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত ও নারীনেত্রী বেগম মুশতারী শফী।
আনিসুজ্জামান বলেন, সারা দেশে গত সেপ্টেম্বর থেকে সংখ্যালঘুদের ওপর সহিংসতা শুরু হয়েছে। প্রশাসন কোথাও কোথাও তাদের নিরাপত্তায় শৈথিল্য প্রদর্শন করেছে। আজ গা ঝাড়া দিয়ে ওঠার সময় হয়েছে। যে চেতনায় বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল, সেই চেতনাকে রক্ষা করতে হবে। তরুণ ও নারীসমাজকে এগিয়ে আসতে হবে।
সুলতানা কামাল বলেন, ‘আমরা যাঁরা নিজেদের নিরপেক্ষ ভালো মানুষ বলে দাবি করি, তাঁরা যদি জঙ্গিবাদী সাম্প্রদায়িক দেশ বানানোর চেষ্টার প্রতিবাদ না করি কিংবা নারীর অধিকার হরণকে রুখে না দাঁড়াই, তাহলে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হব।’ রানা দাশগুপ্ত বলেন, ‘২০১৪ সালে হয়তো দুটি স্লোগানে ভোট হবে। একটি পাকিস্তান চাই, অন্যটি বাংলাদেশ রক্ষা করতে চাই। আমাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে। বাঙালির বাংলাদেশকে ফিরিয়ে আনতে রুখে দাঁড়াতে হবে এখনই।’
রক্তকরবীর শিল্পীদের জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় স্বাগত বক্তব্য দেন কবি কামরুল হাসান বাদল। সঞ্চালনা করেন রাশেদ হাসান।
সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের রুখতে হবে
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, গতকাল দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতি সুইপুরা ক্ষতিগ্রস্ত সুদর্শন বৌদ্ধবিহার পরিদর্শন শেষে সাতকানিয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, গত ২৮ ফেব্রুয়ারি সাতকানিয়ায় হিন্দু ও বৌদ্ধধর্মীয় প্রতিষ্ঠানে এবং সম্প্র্রদায়ের মানুষের ওপর যে আঘাত করা হয়েছে, সে আঘাত শুধু সংখ্যালঘুদের ওপর নয়, সমগ্র বাংলাদেশের ওপর। সবাই মিলে হামলাকারী দুর্বৃত্তদের রুখতে হবে।
বৌদ্ধবিহারের ভান্তে অরুণ জ্যোতি ভিক্ষুর সভাপতিত্বে ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক প্রদীপ কুমার চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ সঞ্চৃতি জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী, অর্থনীতিবিদ এম এম আকাশ, কবি ও সাংবাদিক আবুল মোমেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য শাহ আলম, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল ইসলাম, আওয়ামী লীগের স্থানীয় নেতা মোস্তাকিম চৌধুরী প্রমুখ।