যে চেয়ারে বঙ্গবন্ধু বসেননি কখনো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধুর জন্য তৈরি করা চেয়ারটি সংরক্ষিত আছে টিএসসিতে। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ বিভাগ থেকে দেওয়া
বঙ্গবন্ধুর জন্য তৈরি করা চেয়ারটি সংরক্ষিত আছে টিএসসিতে। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ বিভাগ থেকে দেওয়া

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিল। যোগ দেওয়ার কথা ছিল স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে। এ জন্য বিশ্ববিদ্যালয়কে সাজানো হয় মনোরম সাজে, মঞ্চে প্রস্তুত রাখা হয় একটি চেয়ার। কিন্তু সে চেয়ারে তাঁর আর বসা হয়নি।
চার দশক পর আজও চেয়ারটি সেদিনের সাক্ষী হয়ে আছে। দীর্ঘদিন টিএসসির পরিচালকের কক্ষের পাশে স্টোররুমে ছিল চেয়ারটি। সামান্য সংস্কার করে এটি সংরক্ষণ করেছে টিএসসি কর্তৃপক্ষ। একটি কাচের বাক্সে রাখা হয়েছে চেয়ারটি।
গতকাল সোমবার টিএসসি মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে চেয়ারটি উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
টিএসসির পরিচালক মহীউজ্জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, যেহেতু চেয়ারটি ১৯৭৫ সালের ১৫ আগস্টের সাক্ষী, তাই এটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি প্রদর্শনের স্থান এখনো নির্ধারণ করা হয়নি।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় উপাচার্য ছাড়াও আরও অংশ নেন সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ আলী আকবর প্রমুখ।
এর আগে টিএসসির করিডরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজনে ‘মানচিত্রে রক্তের ফোয়ারা’ শীর্ষক দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য।